করিডরে আপত্তি, ট্রানজিটে নয়: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘কানেক্টিভিটি বা ট্রানজিট হলে আমাদের আপত্তি নেই। আমাদের আপত্তি করিডরে। কিন্তু সরকার ভারতকে করিডরই দিতে চাচ্ছে। এ-সংক্রান্ত কাজে দরকষাকষিতে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা দেশের স্বার্থ রক্ষা করতে পারেননি।’আজ রোববার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে খালেদা জিয়ার কারামুক্তির তৃতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।খন্দকার মোশাররফ আরও বলেন, এমনও হতে পারে ২০১০ সালে শেখ হাসিনা দিল্লি সফরকালেই ভারতের সঙ্গে করিডরের গোপন চুক্তি করে এসেছেন। করিডর দেওয়া হলে বাংলাদেশ নিরাপত্তাহীন হয়ে পড়বে। ভারতের অভ্যন্তরীণ সমস্যা বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হবে। এই চুক্তির বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। ভারত টিপাই মুখ বাঁধ নির্মাণের কাজও চালিয়ে যাচ্ছে। অথচ এ নিয়ে বাংলাদেশ থেকে কোনো আপত্তি জানানো হচ্ছে না।আলোচনা সভার সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সঙ্গে চুক্তি করা হয়েছে। এই চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেন, যে চুক্তি হয়েছে, তাতে দেশের সার্বভৌমত্ব হরণ করা হয়েছে। বিএনপিকে এখন সার্বভৌমত্ব পুনরুদ্ধারের আন্দোলন করতে হবে। এই চুক্তিতে কোনো সময়সীমা উল্লেখ নেই। এটা অনাদিকালীন চুক্তি। দখলদারদের সঙ্গে বাংলাদেশের এই চুক্তি জনগণ মানে না। তিস্তার পানির হিস্যা বাংলাদেশের অধিকার। আর করিডর ভারতের আবদার। সুতরাং তিস্তার সঙ্গে ট্রানজিটের তুলনা করে কোনো চুক্তি করা যাবে না। ভারত করিডর চাচ্ছে তাদের সামরিক প্রয়োজনে, পূর্বাঞ্চলের সাত রাজ্যের বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে। করিডর দিলে দেশের স্বাধীনতা হরণ হবে আর দিল্লির কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন বলেন, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে। কিন্তু আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে এবং বিএনপি তা আদায় করে নেবে। আওয়ামী লীগ যদি মনে করে, সেই সরকারের প্রধান হবেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, সেটা হবে দিবা স্বপ্ন।আলোচনা সভায় আরও বক্তব্য দেন রফিকুল ইসলাম মিয়া, মঈন খান ও মাহবুব উল্লাহ।