করিতকর্মা পরিচারিকার খোঁজে উইলিয়াম-কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট একজন করিতকর্মা পরিচারিকার খোঁজে বিজ্ঞাপন দিয়েছেন। ‘দ্য ডেইলি এক্সপ্রেস’ পত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।উইলিয়াম-কেট প্রথমবারের মতো সন্তান জন্ম দিতে যাচ্ছেন। এই প্রেক্ষাপটে তাঁরা এমন একজন পরিচারিকার সন্ধান করছেন, যিনি হবেন ‘সব কাজের কাজি’।একজন পরিচারিকার খোঁজে বাকিংহাম প্যালেসে অভ্যন্তরীণভাবে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বিজ্ঞাপনে বলা হয়েছে, পরিচারিকাকে উইলিয়াম-কেটের ঘর দেখভালে অত্যন্ত দক্ষ হতে হবে। সময় অনুযায়ী বাসভবনের সব এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। ব্যক্তিগত কাপড়ের যত্ন, কাচ ও রুপার তৈজসপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন, কাপড় ধোয়া, যেকোনো জায়গায় যখন-তখন ভ্রমণ, প্রয়োজন অনুযায়ী খাবার প্রস্তুত, কুকুরের যত্ন ও ব্যায়াম করানোর কাজ করতে হবে তাঁকে। এ ছাড়া তাঁর অবশ্যই থাকতে হবে যুক্তরাজ্যের বৈধ ড্রাইভিং লাইসেন্স।পরিচারিকাকে অতিরিক্ত সময় কাজ করতে হবে। কাজের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও চলবে। তবে থাকতে হবে শেখার আগ্রহ।ব্রিটিশ রাজপরিবারের একটি সূত্র জানিয়েছে, এই বিজ্ঞাপন সবার মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহের জন্ম দিয়েছে। এই পদে এখন পর্যন্ত ১৫ জন আবেদন করেছেন। তবে সপ্তাহে মাত্র ৩৭ ঘণ্টার মধ্যে একজন কী করে এত কাজ করবেন, তা নিয়ে সবাই উদ্বিগ্ন।