করিমগঞ্জে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নে আজ শনিবার সকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, করিমগঞ্জের ৬ নম্বর দেহুন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যবসায়ী মো. তাজুল ইসলাম ও শরীরচর্চা শিক্ষক মো. কামরুজ্জামান প্রার্থী হন। এ নিয়ে দুই পক্ষের সমর্থকেরাই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আজ সকালে মো. তাজুল ইসলামের পক্ষে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এলাকার ভোটারদের বাড়ি বাড়ি যান। দেহুন্দা ইউনিয়নের নরসুন্দা নদীর উত্তর পাড়ে ভাটিয়া গ্রামে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এ খবর শোনার পর তাজুল ইসলামের সমর্থকেরা পাল্টা হামলা চালান। উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। ১০ জনকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও করিমগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তাজুল ইসলামের দাবি, তাঁর সমর্থকদের উপর কামরুজ্জামানের লোকজন দা-লাঠি নিয়ে হামলা চালান। এতে ১৭ জন আহত হন। আহত ব্যক্তিদের চিকিত্সা দেওয়ার পর থানায় এজাহার দায়ের করবেন বলে তিনি জানান।তবে এ ব্যাপারে কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত।