করিমগঞ্জে প্রতিপক্ষের হামলায় একজন নিহত
কিশোরগঞ্জের করিমগঞ্জে উপজেলার গুজাদিয়া পালইকান্দা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মানিক মিয়া (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৪ জন। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পালইকান্দা গ্রামের আবদুল হেকিম ওরফে বাগু মালের সঙ্গে জমিজমা নিয়ে একই এলাকার আবদুস শহীদের বিরোধ চলছিল। আজ সকালে বিরোধ মীমাংসা করতে এলাকায় সালিসের আয়োজন করা হয়। সালিস চলাকালে বাগু মালের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ আবদুস শহীদের লোকজনের ওপর হামলা চালান। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আবদুস শহীদের ছেলে মানিক মিয়াকে করিমগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ আলী প্রথম আলোকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। লিখিত এজাহারও পাওয়া গেছে। রাতেই মামলা নথিভুক্ত (রেকর্ড) করা হবে।