করে দেখালেন বাদশারুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারা ফুটবল খেলছে। দৌড়াচ্ছে, কসরত করছে। আর গ্রামবাসী তাদের উৎসাহ জোগাচ্ছে। এ চিত্র ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সদর থেকে আট কিলোমিটার উত্তর-পূর্বের প্রত্যন্ত গ্রাম রামদেবপুরের। রাজধানী বা বড় শহরের কোনো বাসিন্দা হঠাৎ কোনো এক দিন সকালে বা বিকেলে ওই বিদ্যালয়ের কাছ দিয়ে গেলে অবাক হয়ে যাবেন। কারণ ফুটবলাররা মেয়ে, ওই গ্রামেরই সন্তান এবং ওই গ্রামেরই একটি উচ্চবিদ্যালয়ের ছাত্রী। যাঁর পরিশ্রমে রামদেবপুরে মেয়েদের এই ফুটবল দল গড়ে উঠেছে, তাঁর নাম বাদশারুল ইসলাম। তিনি রামদেবপুর উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক। মাত্র দেড় বছরের প্রচেষ্টায় পল্লির বালিকাদের নিয়ে গড়ে তুলেছেন জাতীয় পর্যায়ের এই ফুটবল দল। দলটি গত বছর ঢাকায় ‘সিটিসেল জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এ অংশ নিয়ে ঢাকা জেলা মহিলা ফুটবল দলকে হারিয়ে দেয়। রাজশাহী বিভাগে একেবারে গ্রাম পর্যায়ে মেয়েদের একমাত্র ফুটবল দল এটি।উঠে আসা: টাঙ্গন নদবিধৌত গ্রামটির বেশির ভাগ মানুষই দিনমজুর, ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক। এখানকার পিছিয়ে পড়া সন্তানদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ক্ষীরোদা বালা নামের এক সমাজসেবী ১৯৯৪ সালে রামদেবপুর জুনিয়র হাইস্কুল প্রতিষ্ঠা করেন। পরে এটি উচ্চবিদ্যালয়ে রূপান্তরিত হয়। কিন্তু বিদ্যালয়টি অনেকটাই দুর্দশাগ্রস্ত। শ্রেণীকক্ষ থাকলেও দরজা-জানালা, চেয়ার-বেঞ্চের অপর্যাপ্ততা চোখে পড়ার মতো। শিক্ষার্থীদের বেশির ভাগই হতদরিদ্র ও দিনমজুর পরিবারের সন্তান।সংকীর্ণ পরিসরে স্কুলের একমাত্র অসমতল মাঠটির পাশে ধানখেত আর গর্ত। বৃষ্টির পানিতে রাস্তার মাটি গড়িয়ে স্কুলমাঠের অবস্থা আরও নাজুক করে দেয়। এত সমস্যার মধ্যেও একমুঠো আশায় বুক বেঁধে এ মাঠেই বাদশারুল তাঁর ছাত্রীদের নিয়মিত অনুশীলন করাচ্ছেন। যেভাবে শুরু: ২০০০ সালের গোড়ার কথা। বিপিএড প্রশিক্ষণ নিয়ে শরীরচর্চা শিক্ষক হিসেবে বিদ্যালয়ে যোগ দেওয়ার পর বাদশারুল ইসলাম ছাত্রীদের নিয়ে একটি খেলার দল গঠন করেন। প্রথম দিকে শুরু হয় হ্যান্ডবল খেলা দিয়ে। কিছু দিনের মধ্যেই মেয়েরা বেশ ভালো করতে থাকে। স্কুলমাঠে চলে অনুশীলন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছাত্রীদের ওই হ্যান্ডবল দলটি স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে বেশ ভালো ফল করে। সে সময় জাতীয় স্কুল-মাদ্রাসা, শীত ও গ্রীষ্মকালীন প্রতিযোগিতাগুলোতে অংশ নিয়ে উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে রংপুরে আঞ্চলিক পর্যায়ে খেলে একাধিকবার। এই সাফল্য ছাত্রীদের নিয়ে বাদশারুলের প্রত্যাশা বাড়িয়ে দেয়। ছাত্রীরা যখন হ্যান্ডবল খেলা নিয়ে কিছুটা একঘেয়েমিতে ভুগতে শুরু করল, তখনই বাদশারুল তাদের পায়ে তুলে দিলেন ফুটবল। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ৩২ জন মেয়েকে নিয়ে তাঁর পথ চলা শুরু। বাধা ডিঙিয়ে এগিয়ে চলা: খেলোয়াড়দের বুট, জার্সিসহ উন্নতমানের কোনো সরঞ্জাম ছিল না। স্কুলের পক্ষে ফুটবলের জন্য বাড়তি টাকা জোগান দেওয়াও ছিল কঠিন। তবে বাদশারুল দমার পাত্র নন। খালি পায়েই চলতে থাকে প্রশিক্ষণ। এভাবে এক মাসের মধ্যেই তৈরি হয়ে যায় প্রাথমিক দল। শুরু হয় অন্য দলের সঙ্গে খেলা। মেয়েরাও প্রাণপণ খেলে দলকে জিতিয়ে দিত। উৎসাহ ধরে রাখতে তাদের জন্য কিছু একটা আয়োজন করতেই হতো। খেলার পেছনে খরচ করতে করতে বেতনের টাকা কখন ফুরিয়ে যায়, টেরই পান না বাদশারুল। ঠাকুরগাঁও জেলা ক্রীড়া কর্মকর্তা আবু মহীউদ্দীন ২০০৭ সালের অক্টোবরে এক দিন রামদেবপুর উচ্চবিদ্যালয়ে যান। মেয়েদের অনুশীলন দেখে তিনি চারটি ফুটবল দেন। দেড় বছরেই বাজিমাত: দেড় বছরের প্রশিক্ষণেই বেশ শক্তিশালী ফুটবল দলে পরিণত হয় রামদেবপুর হাইস্কুলের ছাত্রীদের দলটি। ক্রীড়া কর্মকর্তা আবু মহীউদ্দীন বাফুফের কর্মকর্তা ও সিটিসেল জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে ঠাকুরগাঁও জেলা মহিলা ফুটবল দল হিসেবে রামদেবপুর উচ্চবিদ্যালয়ের দলটিকে টুর্নামেন্টে খেলার জন্য অন্তর্ভুক্ত করান। ঢাকায় দল নিয়ে যেতে অনেক টাকা দরকার। অথচ হাতে টাকা নেই। আবু মহীউদ্দীন ও বাদশারুলের প্রচেষ্টায় টাকা জোগাড় হয়। দল ঢাকায় যায়। ২০০৯ সালের ৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী খেলাতেই মাঠে নামে রামদেবপুর উচ্চবিদ্যালয়ের মেয়েরা। প্রতিপক্ষ সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দল। ওই খেলায় হেরে গেলেও পরদিন স্বাগতিক ঢাকা জেলাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ রানারআপ হয়। হইচই পড়ে যায় রামদেবপুরসহ গোটা ঠাকুরগাঁওয়ে। গর্বে বুক ভরে ওঠে রামদেবপুরবাসীর। বাদশারুল ইসলাম বলেন, ‘মেয়েরো তখনো বুট পরে খেলতে শেখেনি। কিন্তু খালি পায়ে খেলার নিয়ম না থাকায় মেয়েরা সেদিন কাপড়ের জুতো পরে খেলেছিল সাতক্ষীরা দলের বুট পরা খেলোয়াড়দের সঙ্গে।’সবার সমর্থন: ওই সাফল্যের পর গোটা রামদেবপুর গ্রাম তাদের উৎসাহ জোগাতে শুরু করে। মেয়েরা খেলে আর তাদের বাবা-মা, ভাই-বোন, স্বজন ও প্রতিবেশীরা মাঠের বাইরে দাঁড়িয়ে খেলা উপভোগ করে। বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলার কথা শুনলেই সবাই চলে আসে খেলা দেখতে। ওই দিনের বিকেলটা হয়ে ওঠে উৎসবমুখর। দর্শকেরাই মেয়েদের হাতে তুলে দেন ‘হাফ-টাইম’ চকোলেট। এই খেলোয়াড়েরা যেন গ্রামের সবার আত্মীয়। ওরা যেন সবার সন্তান। শুধু গ্রামের লোকজনই নয়, স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি ওদের খেলা দেখেছেন। একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে ছাত্রীদের ২৫ সেট ট্রাকসুট, বুট, অ্যাংকলেট ও সিনগার্ড দেওয়া হয়। এতে তাদের খেলার মান এখন আরও বেড়েছে। এ ছাড়া অনুশীলনের পর নিজ তহবিল থেকে খাবারের ব্যবস্থা করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ মো. ইমদাদুল হক। তাদের কথা: ঢাকা জেলা মহিলা দলের বিরুদ্ধে গোল করা জাফুরা খাতুন বলে, ‘আমি কাপড়ের জুতা পরে ঢাকার বুট পরা বড় বড় খেলোয়াড়কে গোল দিয়েছি। তখন থেকেই আমার সাহস বেড়ে গেছে। এখন তো আমরা বুট পরে খেলি। বাদশারুল স্যারের কাছে খেলা শিখে আমি পাকা হয়ে গেছি।’ ওই খেলায় আরেকটি গোল করা মৌসুমী রানী রায় বলে, ‘প্রতিটি গ্রামে মেয়েদের ফুটবল খেলা চালু করা উচিত। আমরা গ্রামের দল হলেও দুর্বল নই। খেয়ে না খেয়ে কষ্ট করে খেলতে শিখেছি। বড় জায়গায় খেলার সুযোগ পেলে অবশ্যই ভালো করব।’ দলের খেলোয়াড় সুমী আকতারের দিনমজুর বাবা আবদুল হক বলেন, ‘গতর খাটায় কাম করিতে করিতে কুনবালা (কখন) যে দিন চলে যায়, কহিবা পারি না। হামার মতোন গরিব লোকের ছোওয়া (কন্যা) এত ভালো বল খেলেছে—এইডা কম কথা নাহা (নয়)।’শিক্ষক বাদশারুল ইসলাম বলেন, ‘আমাকে সরকারি উদ্যোগে ঢাকায় বড় বড় দলের সঙ্গে খেলার পরিবেশ তৈরি করে দিন। কথা দিচ্ছি, রামদেবপুরের এই মেয়েদের দিয়েই আমি ভালো ফল করিয়ে আনতে পারব। আমি শুধু সুযোগ চাই।’প্রশাসন ও জনপ্রতিনিধিদের কথা: এ বছর ২১ এপ্রিল রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার একটি প্রতিনিধিদল রামদেবপুর বিদ্যালয়ে মেয়েদের ফুটবল খেলা দেখতে আসে। এ সময় সংস্থার সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া বলেন, ‘শুধু ঠাকুরগাঁও নয়, উত্তরাঞ্চলের ১৬ জেলায় গ্রাম পর্যায়ে এমন মহিলা ফুটবল দল নেই। রামদেবপুর স্কুলের এ দলটি গোটা দেশের জন্য একটি উদাহরণ।’ সংস্থার সহসভাপতি লুৎফুন্নেসা মাহমুদা বারী বলেন, ‘একটি দক্ষ দল তৈরি করা কতটা কঠিন, তা আমি বুঝি। বাদশারুল কঠিন কাজটি সম্ভব করে দেখিয়েছেন।’ঠাকুরগাঁও জেলা ক্রীড়া কর্মকর্তা আবু মহীউদ্দীন বলেন, ‘বাদশারুলের মতো ধৈর্যশীল, আন্তরিক ও ত্যাগী প্রশিক্ষক আমি কোথাও দেখিনি। একটি গ্রামের স্কুলের বালিকাদের দিয়ে ঢাকা জেলা দলকে হারিয়ে দিয়েছেন। এ ধরনের আর ১০ জন মানুষ পাওয়া গেলে গ্রামাঞ্চলে ফুটবলে বিপ্লব ঘটে যাবে।’রামদেবপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চন্দ্র রায় বলেন, ‘বাদশারুল ইসলাম যোগদানের পর থেকেই স্কুলে খেলার চর্চা বেড়ে যায়। তাঁর উৎসাহেই মেয়েরা খেলায় এগিয়ে আসে। তিনিই রামদেবপুর স্কুলকে আলোকিত করেছেন।’