করের আওতায় আসছেন স্পিকার ও সাংসদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রীদের পর এবার করের আওতায় আসছেন স্পিকার, ডেপুটি স্পিকার ও সাংসদেরা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রস্তাব দুটি জাতীয় সংসদে পাস হলেই তাঁদের আয়কর দেওয়ার বিধান কার্যকর হবে। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।আজকের বৈঠকে অনুমোদিত প্রস্তাব দুটি হলো ‘দ্য স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট ২০১১’ এবং দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যালাউন্সেস) অ্যাক্ট ২০১১’।গত বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী মন্ত্রী-সাংসদদের বেতন করের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। ১৭ নভেম্বর মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতনের ওপর করারোপ-সংক্রান্ত দুটি আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়। সংশোধনী দুটি জাতীয় সংসদে পাস হলে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতনের ওপর কর দিতে হবে। আইন দুটি হলো দ্য প্রাইম মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ (সংশোধন) এবং দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট সংশোধন।বর্তমান আইন অনুযায়ী স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সাংসদদের বেতন আয়করমুক্ত। প্রস্তাবগুলো সংসদে পাস হলে তাঁদের সবাইকে আয়কর দিতে হবে।