করের হার না বাড়িয়ে তা আদায়ের ব্যবস্থাপনা উন্নত করার পরামর্শ দিয়েছে বিএনপি। দলটি সরকারের অনুত্পাদনশীল ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোরও পরামর্শ দিয়েছে। বাজেটে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি খাত, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং ভৌত অবকাঠামো খাতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ সোমবার বিকেলে একটি স্থানীয় হোটেলে আনুষ্ঠানিকভাবে এসব প্রস্তাব তুলে ধরেন। বাংলাদেশে প্রধান বিরোধী দলের পক্ষ থেকে বাজেটের আগে এমন প্রস্তাব দেওয়ার ঘটনা এই প্রথম।দলটি আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ভৌত অবকাঠামো, পরিবেশ, পানিসম্পদ ব্যবস্থাপনা, বিদ্যুতের খাতসহ নানা বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছে।খালেদা জিয়া বলেন, ‘আমরা মনে করি, (সরকারের) যদি সামান্যতম সদিচ্ছাও থাকে, তাহলে এই উপস্থাপনার আলোকে পথভ্রষ্ট সরকার নিজেদেরকে ট্র্যাকে (পথে) ফিরিয়ে আনতে পারবে।’বাজেটের লক্ষ্য বর্ণনা করে খালেদা জিয়া বলেন, বাজেট হবে মানুষের জন্য, উন্নয়নের জন্য এবং উত্পাদনের জন্য। সামাজিক উত্পাদনের নিরিখে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই হবে এর লক্ষ্য।পৌনে দুই ঘণ্টার দীর্ঘ বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বিগত ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাঁর সরকারের আমলের সাফল্য এবং বর্তমান সরকারের ব্যর্থতা নিয়ে নানা কথা বলেন। তিনি বিএনপির অর্থনৈতিক নীতি, রাজনৈতিক অবস্থানেরও বিস্তারিত ব্যাখ্যা দেন। বর্তমান সরকারকে তিনি অযোগ্য, দুর্নীতিপরায়ণ বলে অভিহিত করেন।