কর্ণফুলী দূষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা
কর্ণফুলী নদী ও পরিবেশ দূষণের দায়ে তিনটি শিল্প-কারখানাকে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদন্ডির এরিনা কম্পোজিট অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড, শাকপুরার দেশ ডেনিম লিমিটেড ও এনএফজেড টেরি টেক্সটাইলস লিমিটেডকে এই জরিমানা করা হয়। এর মধ্যে এরিনা কম্পোজিট অ্যান্ড স্পিনিং মিলসকে দুই লাখ ৮৮ হাজার, দেশ ডেনিমকে ছয় লাখ ৪০ হাজার ও এনএফজেড টেরি টেক্সটাইলসকে ১৪ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তিনটি প্রতিষ্ঠানকে অল্প সময়ের মধ্যে বর্জ্য পরিশোধনাগারের ত্রুটি সংশোধন করে পরিবেশদূষণ বন্ধের নির্দেশ দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তরের ঢাকার পরিচালক (অ্যানফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, এ তিনটি শিল্প-কারখানা কর্ণফুলী নদীর অদূরে অবস্থিত। তিনটি কারখানার তরল বর্জ্য পরিশোধনাগার নির্মাণ ও পরিচালনায় মারাত্মক ত্রুটি রয়েছে। ফলে এসব কারখানা থেকে নির্গত তরল বর্জ্য কৃষি জমি, খাল ও জলাভূমিতে প্রবাহিত হয়ে কর্ণফুলী নদী দূষণ করছে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ তিনটি কারখানায় দৈনিক গড়ে ৮-১০ মেট্রিক টন নিট ফেব্রিক্স ডায়িং করা হয়। এসব কারখানা এ পর্যন্ত ৭১ হাজার ৫০০ ঘনমিটার তরল বর্জ্য নির্গমণ করেছে। অভিযানের সময় কারখানার নির্গত তরল বর্জ্যের তাত্ক্ষণিক রাসায়নিক পরীক্ষা করে দ্রবীভূত অক্সিজেন আদর্শ মান অপেক্ষা অনেক কম পাওয়া গেছে।