কর্ণফুলী নদীর দখল ও ভরাট বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কর্ণফুলী নদী দখল, মাটি ভরাট ও অভ্যন্তরে সব নির্মাণ বন্ধ রাখতে তিন মাসের জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ও চট্টগ্রামের জেলা প্রশাসককে জরিপের মাধ্যমে নদীর প্রকৃত সীমানা নির্ধারণ করে সে সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চট্টগ্রামের কর্ণফুলী নদী রক্ষায় কয়েক দফা নির্দেশনা চেয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে মনজিল মোরশেদ রিটটি করেন। আদালত নদী রক্ষায় নদীর অভ্যন্তরে থাকা স্থাপনা অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না—আগামী তিন সপ্তাহের মধ্যে পরিকল্পনা কমিশন, পরিবেশ অধিদপ্তর, ভূমিসচিব, অর্থসচিব, স্থানীয় সরকার সচিব, নৌপরিবহনসচিব, পানিসম্পদসচিব, চট্টগ্রামের মেয়র, বিআইডব্লিউটিএ, চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রামের পুলিশ কমিশনারকে এর জবাব দিতে বলেছেন।মনজিল মোরশেদ রিটে উল্লেখ করেন, দেশের বৃহত্তম বন্দর চট্টগ্রাম কর্ণফুলী নদীর মাধ্যমে সচল রয়েছে। নদী দখল করে স্থাপনা তৈরি হচ্ছে বলে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। বন্দরের ওপর এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া ১৯৯৫ সালের পরিবেশ আইন এবং ২০০০ সালের জলাধার আইনের বিধি-বিধান অনুযায়ী নদী রক্ষার দায়িত্ব থাকলেও তা পালন করা হচ্ছে না। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার।