কর্ণফুলী নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চাক্তাই খালের পাশে কর্ণফুলী নদীর তীর দখল করে গড়ে ওঠা সিটি করপোরেশনের অবৈধ দোকানপাট ও ওয়াকফ এস্টেটের নামে রাতারাতি নির্মাণকাজ শুরু করা মসজিদসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।আজ বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল ফারুকের নেতৃত্বে দুই ঘণ্টা ধরে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন ছিল।বন্দর সূত্রে জানা গেছে, ওই এলাকায় রাতারাতি আজিজ উল্লাহ ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড ঝুলিয়ে রাতারাতি ‘নূর মসজিদ’ নামের একটি মসজিদের নির্মাণকাজ শুরু করে সরকারি ভূমি দখলকারী একটি চক্র। নদী পাড় সংলগ্ন জায়গা অবৈধভাবে দখলের জন্য এই পথ বেছে নেওয়া হয় বলে জানা গেছে। বন্দর ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল ফারুক বলেন, ‘অবৈধভাবে নির্মিত দোকান ও মসজিদের নামে দখল করা বন্দরের জায়গা উদ্ধারের জন্য আমরা এই উচ্ছেদ অভিযান চালিয়েছি। জানা গেছে, যানজট এড়াতে বছরদুয়েক আগে ফিশারিঘাট থেকে চাক্তাই সেতু পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণ করা হয়। কর্ণফুলীর তীর ঘেঁষে এই সড়ক করা হয়। এর পর সড়কের পাশে কর্ণফুলীর তীর ভরাট করে নির্মাণ করা হয় অবৈধ দোকান। সিটি করপোরেশনের এই উদ্যোগের প্রতিবাদে পরিবেশবাদী সংগঠনগুলো মানববন্ধন ও সমাবেশ করেছিল। পরে হাইকোর্ট এক রায়ে কর্ণফুলী দখল অবৈধ ঘোষণা করে সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।