কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় ট্রলারডুবি, তিনজনের মৃত্যু
চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় গতকাল বৃহস্পতিবার পণ্যবাহী জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ দাস বলেন, গতকাল ভোর চারটার দিকে কর্ণফুলী নদীর মোহনায় পণ্যবাহী জাহাজ এমভি উরকার ধাক্কায় মাছ ধরার ট্রলার এফভি ঈগল-৭ দ্বিখণ্ডিত হয়ে ডুবে যায়। ঈগল-৭ ফিশারি গেট এলাকা থেকে সাগরে মাছ ধরতে যাচ্ছিল এবং এমভি উরকা বহির্নোঙর থেকে বন্দরের দিকে আসছিল। এ সময় মাছ ধরার ট্রলারে থাকা ১৯ জনের মধ্যে ১৬ জন সাঁতরে তীরে ওঠে। গতকাল বিকেলে জোয়ারের সময় ডুবে যাওয়া ট্রলারটিকে তীরে আনা হয়। রাত আটটার দিকে ভাটার সময় ট্রলারের ভাঙা অংশে তিনজনের মৃতদেহ পাওয়া যায়।নিহতেরা হলেন—মো. আমজাদ হোসেন (৩৮), আকবর হোসেন (২৪) ও মো. শাজাহান (৩৮)। তাঁদের বাড়ি নোয়াখালীর রামগতিতে। লাশগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।