কর্ণাটকে বাংলাদেশ ভারতের অংশ !
ভারতের বিভিন্ন রাজ্যের ছোট ছেলেমেয়েরা স্কুলগুলোতে তাদের বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে ভুল তথ্য শিখছে। আর এই ব্যাপারটি নিয়ে পুরো ভারতজুড়েই শুরু হয়েছে নানামুখী আলোচনা, সমালোচনা ও বিতর্ক। সুশীল সমাজের মতে, কোমলমতি এই ছেলেমেয়েদের সরকারিভাবে যে জ্ঞান দান করা হচ্ছে, তা শুধু ক্ষতিকরই নয়, নতুন প্রজন্ম গঠনে তা বিপজ্জনকও বটে।ভারতের অনেক রাজ্যের স্কুলগুলোর পাঠ্যপুস্তক ভয়ংকর সব ভুলে পরিপূর্ণ। এই ভুলগুলো নিয়ে সম্প্রতি ভারতের বিখ্যাত সাময়িকী ইন্ডিয়া টুডে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে। এই প্রতিবেদনে সাময়িকীটি তুলে ধরেছে ভারতজুড়ে বিভিন্ন রাজ্যের স্কুলগুলোতে পড়ানো পাঠ্যপুস্তকের ভয়াবহ ব্যবস্থা। এই ভুলগুলো এতটাই হাস্যকর যে যেকোনো শিক্ষিত ব্যক্তি তা দেখে আঁতকে উঠবেন—রাজ্য পর্যায়ে ভারতীয় শিক্ষাব্যবস্থার মান দেখে। ভেবে আকুল হবেন, এই দেখে যে ভারতের আগামী প্রজন্ম কী ভয়ংকরভাবেই না ভুল শিক্ষায় শিক্ষিত হচ্ছে।একটি নমুনা তুলে ধরলে পাঠকদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। কর্ণাটক রাজ্যে দুটি সামাজিক বিজ্ঞান বইজুড়ে ছেলেমেয়েদের ভারতের যে মানচিত্র পাঠ করানো হচ্ছে, তাতে কোথাও পার্শ্ববর্তী বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, ভুটান, আফগানিস্তান এমনকি শ্রীলঙ্কারও অস্তিত্ব নেই। এভাবেই সেখানে অখণ্ড ভারতের চিত্র তুলে ধরা হয়েছে। শুধু তা-ই নয়, সেখানে যে মানচিত্রটি ব্যবহার করা হয়েছে, তা রাষ্ট্রীয় সেবক সংঘ বা আরএসএসের রাজনৈতিক প্রকাশনাগুলোতে পাওয়া যায়। আরও অবাক হবেন, কিছুটা কৌতুকাচ্ছন্নও হতে পারেন, পাঞ্জাব রাজ্যের পাঠ্যপুস্তকে ভারী শিল্পের সংজ্ঞা দেখতে গিয়ে। সেখানে বলা হয়েছে, ‘ভারী কাঁচামাল ব্যবহার করা হয় যে শিল্পে, সেগুলোই ভারী শিল্প।’ পাঞ্জাবের অষ্টম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ে বলা হয়েছে, বিশ শতকে ভারতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে সিল্ক ও সুতির কাপড় তৈরি শুরু হয়, এভাবেই পত্তন ঘটে ভারতীয় বস্ত্রশিল্পের। এর পাশাপাশি পাঞ্জাবের নবম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বই পড়লে মনে হবে, রাজ্য হিসেবে পাঞ্জাব এখনো নারীদের অবস্থা নির্ণয় করে উঠতে সক্ষম হয়নি। সেখানে একটি অধ্যায়ে বলা হয়েছে, পাঞ্জাবের মুসলিম নারীদের অবস্থা খুবই খারাপ। তারা কেউ স্বাধীনভাবে বিয়ের সময় নিজেদের বর নিজেরা পছন্দ করতে পারে না। পর্দাপ্রথার ব্যবহার মুসলমান সমাজে ব্যাপক। সেই একই অধ্যায়ে আবার একই ধরনের কথা লিখে কেবল মুসলিম শব্দটি প্রতিস্থাপিত হয়েছে ‘হিন্দু’ শব্দটির মাধ্যমে। অর্থাত্ পাঞ্জাবের সংখ্যাগরিষ্ঠ হিন্দু ও মুসলিম নারীদের অবস্থা যদি খারাপ হয়, তাহলে কি প্রকারান্তরে বলে দেওয়া যায় না যে গোটা পাঞ্জাবেই নারীর অবস্থা ভয়াবহ? তারা কোনো ধরনের স্বাধীনতাই ভোগ করে না আর সবাই পর্দানসীন। এটা নিশ্চয়ই পাঞ্জাবের সত্যিকার অবস্থা নয়।গুজরাটের স্কুলগুলোতে ষষ্ঠ শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ে পড়ানো হচ্ছে বনভূমি নাকি বহু গাছগাছালির সমাহার। এই রাজ্যের আরও একটি বইয়ে বলা আছে, গোটা ভারতে নাকি মাত্র ১০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এমন অসংখ্য ভুল তথ্যে ভরা ভারতের পাঠ্যপুস্তকগুলো। ছোটবেলা থেকেই বিভ্রান্তিকর তথ্য মাথায় নিয়ে কোমলমতি ছেলেমেয়েদের যে পথ চলা শুরু হচ্ছে, তাতে আতঙ্কিত না হয়ে পারেননি চণ্ডীগড়ে অবস্থিত পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক এম রাজীবলোচন। তিনি বলেছেন, এই বইগুলো বাচ্চাদের না পড়ানোই সবচেয়ে নিরাপদ। তাদের ভবিষ্যতের জন্য এগুলো রীতিমতো বিপজ্জনক। আরও বাজে ব্যাপার যা, তা হলো এই বইগুলো সাধারণত পড়ানো হয় রাজ্যগুলোর সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। পাঞ্জাবে ৭০ শতাংশ ও গুজরাটে ৯৫ শতাংশ স্কুলে এই পাঠ্যপুস্তক পড়ানোর অর্থ হচ্ছে এই দুটি রাজ্যে ছেলেমেয়েদের জ্ঞানার্জন কার্যক্রম ঘুরপাক খাচ্ছে ভয়াবহ সব ভুলের চক্রপাকে।বিশ্লেষকদের মতে, অতিরিক্ত রাজনীতিকীকরণের কারণে পাঠ্যপুস্তকের এই অবস্থা। এ ব্যাপারে একটি উদাহরণই যথেষ্ট হতে পারে, কেরালা ও কর্ণাটকের রাজনীতিকেরা প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোকে তাদের রাজনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে মনে করে। এই দুটি প্রদেশে ক্ষমতাসীনেরা সামাজিক বিজ্ঞান বইয়ে জোর করেই অখণ্ড ভারতের মানচিত্র ঢুকিয়ে দিয়েছে, যার মাধ্যমে ছোটবেলা থেকেই বাচ্চারা একটা নির্দিষ্ট রাজনৈতিক ভাবধারায় বড় হয়ে উঠতে পারে। অথচ হীন রাজনৈতিক স্বার্থে তারা ভুলে গিয়েছে যে তারা জোর করে বাচ্চাদের যা শেখাচ্ছে, তা সর্বন্তকরণে ভুল, তথা গাল-গল্প। শুধু তা-ই নয়, এই রাজ্যগুলোতে সমাজিক বিজ্ঞান বইয়ে হিন্দুসমাজের যে বর্ণনা দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ব্রাহ্মণ সমাজকে নির্দেশ করে। তার মানে, কৌশলে জিইয়ে রাখা হচ্ছে সামাজিক ভেদাভেদ। এ ব্যাপারে কর্ণাটকের শিক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ সি এস দ্বারকানাথ বলেন, এই বইগুলোতে হিন্দু ব্রাহ্মণদের মহান করে তুলে ধরা হচ্ছে। যা সামাজিক ক্ষেত্রে ভেদাভেদ তৈরি করতে পারে। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক এম রাজীবলোচন বলেন, পাঞ্জাব রাজ্য সরকারের উচিত, খুব দ্রুতই এই ভুলগুলো সংশোধন করা কিংবা পাঠ্যপুস্তক নতুনভাবে লেখার উদ্যোগ নেওয়া। অন্তত সামাজিক বিজ্ঞান বইয়ের সংশোধনী খুব জরুরি হয়ে পড়েছে।