কর্তারা বলেন
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শামসুল ইসলাম জানান, মেঘাখালী সেতু নির্মাণকাজ শেষ হয়েছে। এখন সংযোগ সড়কের কাজ চলছে। তিনি এ উপজেলার যোগাযোগব্যবস্থার করুণ চিত্রের কথা স্বীকার করে বলেন, ‘ভাটি অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রাপ্ত সরকারি বরাদ্দ যথেষ্ট নয়।’পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল বলেন, উপজেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ এখন সময়ের দাবি। আর এ দাবি বাস্তবায়নে বঞ্চিত গ্রামবাসী ঐক্যবদ্ধ। ইউনিয়ন পরিষদের অপ্রতুল বরাদ্দ দিয়ে আগামী ১০০ বছরেও উপজেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন সম্ভব নয়। তিনি অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ বরাদ্দ এনে এ সড়ক নির্মাণের দাবি জানান। সাবেক সাংসদ শাহীনূর পাশা চৌধুরী বলেন, ‘জোট সরকার গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে আন্তরিক। কিন্তু ৩৪ বছরের সংস্কারবিহীন রাস্তাঘাট অল্প দিনে করা সম্ভব নয়। এর পরও যোগাযোগব্যবস্থার উন্নয়নে ব্যাপক কাজ হয়েছে।’ বর্তমান সাংসদ এম এ মান্নান বলেন, ‘আমি গ্রামের সন্তান। তাই ভাটি অঞ্চলের গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিশেষ বরাদ্দের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে সব কটি ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ স্থাপন করব।’