কর্তৃত্ব হাতছাড়া হয়ে যাচ্ছে বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালটা গত দুই দিনের মতোই কুয়াশা আর খেলা শুরু হওয়ার সময় নিয়ে অনিশ্চয়তায় ঢাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার সঙ্গে উধাও অনিশ্চয়তাও। দিনের খেলা দেড় ঘণ্টা দেরিতে শুরু হলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতি সেটাকে সারা দিনে আর বিঘ্নিত হতে দেয়নি। বাংলাদেশ-ভারত দু দলের মুখগুলোও কুয়াশার আড়াল কাটিয়ে বেশ দৃশ্যমান এদিন। বাংলাদেশের চেহারা স্বপ্নভঙ্গের বেদনায় ম্লান। ভারতের চেহারায় ঔজ্জ্বল্য—অবশেষে বাংলাদেশ-ভারত দ্বৈরথের ‘আসল’ চেহারাটাই তো ফুটিয়ে তোলা যাচ্ছে চট্টগ্রাম টেস্টে!ভারতকে প্রথম ইনিংসে ২৪৩ রানে বেঁধে ফেলে লিড নেওয়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। ২৪২ রানে অলআউট হয়ে সে স্বপ্নই ১ রানের আফসোসে চুপসানো। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১২২ রান তুলে টেস্টের তৃতীয় দিন শেষে ভারত ১২৩ রান এগিয়ে। পড়ে আছে দুই দিন। ভালো কথা, ভারতের ব্যাটিং লাইন আপটা জানেন তো? গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ...। চতুর্থ ইনিংসটা রানের পাহাড়ে চাপা পড়েই শুরু করবে না তো বাংলাদেশ?না, ভারতের ব্যাটিং অর্ডার থেকে বীরেন্দর শেবাগের নাম বাদ পড়েনি। কাল ২২.২ ওভার খেলে ভারত যে একমাত্র উইকেটটা হারাল, সেটা শেবাগেরই। বাংলাদেশকে ‘অর্ডিনারি’ দল বলে কনকনে ঠান্ডার মধ্যে তিনিই যা একটু উষ্ণতা আনতে পেরেছিলেন এই টেস্টে। কিন্তু উষ্ণ হয়ে উঠতে পারল না শেবাগের ব্যাট। চট্টগ্রামের দর্শক সিরিজের প্রথম টেস্টে শেবাগীয় ব্যাটিং দেখল না, শেবাগের অবয়বে দেখল যেন ‘অর্ডিনারি’ এক ব্যাটসম্যানকেই!প্রথম ইনিংসে ৫২ রান, দ্বিতীয় ইনিংসে ৪৫—শেবাগ নিজেও নিশ্চয়ই ভাবেননি বাংলাদেশের ‘অর্ডিনারি’ বোলিংয়ের বিপক্ষে এতটা ‘অর্ডিনারি’ হয়ে পড়বে তাঁর ব্যাট। তবে টেস্টে দ্বিতীয়বারের মতো সাকিবের বলে আউট হওয়ার আগে গম্ভীরের সঙ্গে ৯০ রানের ওপেনিং জুটিতে ভারতকে ভালো শুরু এনে দেওয়ার কৃতিত্ব তাঁকে না দিয়ে উপায় নেই। প্রথম ইনিংসের ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে ভারত যে সম্ভাব্য কম সময়ে যতটা সম্ভব বড় স্কোরই চাইবে, সেটা জানা ছিল। ৫৮ বলের ইনিংসে শেবাগ সে চেষ্টাই করে গেছেন। ৪টি বাউন্ডারির সঙ্গে সাকিবকে লং অফ দিয়ে ছক্কা। আউটও হয়েছেন ছক্কা মারার ওভারেই। সাকিবের করা ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে রকিবুলের হাতে ধরা পড়েছেন স্কয়ার লেগে। শেবাগ আউট হওয়ার পর কাল খেলা হয়েছে আর মাত্র ৫.২ ওভার। দিন শেষে ২৪ রানে অপরাজিত থেকে গম্ভীরের সঙ্গে সময়টা ভালোমতোই পার করে দিয়েছেন নাইটওয়াচম্যান মিশ্র। গম্ভীর নিজে অপরাজিত ৪৭ রানে।সকালে বাংলাদেশের ইনিংস শুরু হয়েছিল আগের দিনের মতোই কাঁপতে কাঁপতে। ৩ উইকেটে ৫৯ রান ছিল প্রথম দিনের স্কোর। ৯৮ রানের মধ্যে বিদায় নিয়েছেন আশরাফুল, সাকিব ও রকিবুল। আশরাফুল তো কোনো রান না করেই জহির খানের বলে স্লিপে ক্যাচের মতো দিয়েছিলেন। ভিভিএস লক্ষ্মণ সেটা ধরতে না পারলেও ইশান্ত শর্মার বলে মাত্র ২ রান করেই দ্রাবিড়কে ক্যাচ দিয়ে ফিরেছেন আশরাফুল। বাংলাদেশ তার পরও লিড নেওয়ার স্বপ্ন দেখেছিল মূলত মাহমুদউল্লাহ-মুশফিকুর রহিমের সৌজন্যে। সপ্তম উইকেটে ১০৮ রানের জুটিতে বাংলাদেশ দুই শ রান পার করলেও লিড নেওয়া হয়নি শেষ পর্যন্ত। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিষেক সিরিজে চার ইনিংসে ৪৫ রান করেছিলেন মাহমুদউল্লাহ, কাল এক ইনিংসেই করলেন ৬৯। তবে মুশফিকুর ফিফটি থেকে ৬ রান দূরে থাকতেই অমিত মিশ্রর বলে ক্যাচ দিয়েছেন শেবাগের হাতে।দু দলের প্রথম ইনিংস যেখানে শেষ হয়েছে, তাতে দ্বিতীয় ইনিংসে টেস্টটা নতুন করেই শুরু হলো বলা যায়। ভারত তাতে মুছে ফেলতে পারছে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা। বাংলাদেশ কি পারবে?