কর্তৃপক্ষ যা বলেন
শরীয়তপুরের সিভিল সার্জন চিত্তরঞ্জন প্রামাণিক বলেন, ‘চিকিত্সকের সংকটের কারণে জেলা স্বাস্থ্যসেবার মান ধরে রাখা যাচ্ছে না। জনবল না থাকায় কমিউনিটি ক্লিনিকগুলোর অবস্থাও হ-য-ব-র-ল। মন্ত্রণালয়ে লেখালেখি করেও জনবল বাড়াতে পারছি না। বিভিন্ন উপজেলা থেকে প্রেষণে চিকিত্সক এনে সদর হাসপাতাল চালাতে হয়। শরীয়তপুর জেলার জন্য বরাদ্দ করা এক বছরের ওষুধে চার মাসের বেশি চালানো যায় না। বিষয়টি অনেকবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানিয়েছি। জেলা স্বাস্থ্যসেবা কমিটির সভায় স্থানীয় সাংসদকে অবহিত করা হয়েছে। সদর হাসপাতালের ভেতর কিছু দালালের উত্পাত বৃদ্ধি পাওয়ার অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছি। চিকিত্সক ও কর্মচারীদের ক্লিনিক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আমাদের কাছে এসেছে। প্রমাণের অভাবে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’জেলা স্বাস্থ্যসেবা কমিটির সভাপতি সাংসদ বি এম মোজাম্মেল হক বলেন, ‘স্বাস্থ্য বিভাগের সমস্যা নিয়ে সবার সঙ্গে আলোচনা করে সমাধান করার চেষ্টা করি। বর্তমান সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে পাঁচ হাজার চিকিত্সক ও ২৭ হাজার নার্স নিয়োগ দেবে। নিয়োগের প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে। তখন হাসপাতালগুলোতে চিকিত্সকের সংকট থাকবে না।’