কর্তৃপক্ষের উদাসীনতার নমুনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ সেপ্টেম্বরের ‘আইন অধিকার’ পাতায় সহকারী জজ নিয়োগ পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে ওয়েবসাইটে নাটকীয়তার বিষয়টি চোখে পড়ল। বিকেলে এক রকম আবার ভোজবাজির মতো পাল্টে গিয়ে রাতে আরেক রকম— ফলাফলের এ রকম দ্বৈত রূপ কাম্য নয়। তথ্যপ্রযুক্তির জয়জয়কারের এ সময়ে এ ধরনের ত্রুটি ডিজিটাল বাংলাদেশ ধারণার পরিপন্থীও বটে। এটি হতে পারে ওয়েবসাইট-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা জুডিশিয়াল সার্ভিস কমিশনের উদাসীনতার নমুনা অথবা হতে পারে অনৈতিক উপায়ে ফলাফল পরিবর্তনের অশুভ চেষ্টা। যে পরীক্ষার ফলাফলের সঙ্গে মানসম্মান আর আত্মমর্যাদাবোধের বিষয়টি জড়িত, সেখানে কোনো গাফিলতির কথা ভাবাই যায় না। এতে বিড়ম্বনা আর লজ্জাজনক পরিস্থিতির শিকার হতে হয় ভুক্তভোগীদের। অতীতে বিসিএস পরীক্ষার ফলাফলেও এ রকম গোঁজামিল আর গাফিলতির ভূরি ভূরি নিদর্শন রয়েছে। ‘সরকারি ওয়েবসাইট, তাই সহজে হ্যাক করা যায়’—এ অজুহাত দিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। সুতরাং অনলাইন সার্ভারের সুরক্ষা আর অন্য সব কার্যক্রমে যথার্থ যত্নশীলতা নিশ্চিত করা বর্তমান সময়ের প্রত্যাশা। এর বিপরীত কোনো ঘটনা তথ্য অধিকারের সঙ্গে নিঃসন্দেহে অসংগতিপূর্ণ। খাইরুল ইসলাম, শিক্ষার্থী, আইন বিভাগঢাকা বিশ্ববিদ্যালয়।