কর্তৃপক্ষের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসক মো. ইলিয়াছ লস্কর জানান, ‘উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের শূন্য পদ পূরণ এবং জরাজীর্ণ অফিসগুলো মেরামত অথবা পুনর্নির্মাণের জন্য ভূমি মন্ত্রণালয়ে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।’ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমডি আবদুস সালাম জানান, ‘ভূমি অফিসগুলোয় নানা কাজে আসা মানুষের কাছ থেকে অর্থ আদায়ের বিষয়ে আমার কাছে কেউ কোন সুনির্দিষ্ট অভিযোগ করেননি। তারপরও আমরা কোন ধরনের অভিযোগ পেলে কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকি। সহকারী কমিশনারকে (ভূমি) সব কাজে সহায়তা করেন কানুনগো। কিন্তু ঝালকাঠিতে একজনও কানুনগো নেই।’ কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) দেলোয়ার হোসেন মাতুব্বর বলেন, ‘উপজেলা ভূমি অফিসগুলোয় রেকর্ডরুম স্থাপন এবং কম্পিউটার ব্যবস্থা চালু করা খুবই জরুরি। কম্পিউটার স্থাপন করা হলে জনগণের হয়রানি পুরোপুরি বন্ধ হবে। রেকর্ড-সংক্রান্ত যাবতীয় কাজ এসিল্যান্ড করে থাকেন। কিন্তু জনগণ যেকোনো বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ না করে অফিসের কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করেন। ফলে অনেক সময় কর্মচারীরা অর্থ আদায়ের সুযোগ পান।’ ঝালকাঠি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবী চন্দ্র জানান, ‘সরকারি এবং জনগণের সম্পত্তির রেকর্ড সংরক্ষণের মূল দায়িত্ব পালন করে ইউনিয়নের ভূমি অফিসগুলো। অথচ সেই অফিসের বেহাল অবস্থার কারণে মূল্যবান কাগজপত্র ও কর্মচারীরা নিরাপত্তাহীন থাকেন। বেশির ভাগ তহশিল অফিসে বিদ্যুত্ সংযোগ নেই। এমনও তহশিল অফিস আছে যেখানে মানুষ দিনেও যেতে ভয় পায়। কর্মচারীদের অর্থ নেওয়ার বিষয়ে আমার কাছে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে যেকোনো কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ ঝালকাঠি পৌর ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. মিজানুর রহমান জানান, ‘আমরা রিপোর্টের জন্য কোন টাকা-পয়সা নিই না। মালিকানা নিয়ে জটিলতা না থাকলে সঠিক সময়ে রিপোর্ট দিয়ে থাকি।’