কর্তৃপক্ষের বক্তব্য
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফ হোসেন বলেন, ‘নতুন স্কুল নির্মাণ, ঝুঁকিপূর্ণ স্কুল সংস্কার ও নতুন করে ভবন তৈরি করতে হবে। ছাত্র-শিক্ষকের অনুপাত কমিয়ে আনতে হবে। না হলে শিশুরা শিক্ষার আওতায় আসবে না। গত ২৯ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভোলায় এলে তাঁকেও বিষয়টি জানানো হয়েছে। ‘কীভাবে স্কুলে বসেই ছাত্ররা পড়া তৈরি করতে পারবে। এ ব্যাপারে শিক্ষকদের মাসিক মিটিংয়ে বলা হয়েছে ক্লাসে বসেই পড়া তৈরি করে দেবেন। দুপুর একটার মধ্যে অধিকাংশ স্কুল ছুটি দিয়ে দেয় এ বিষয়ে আমার জানা ছিল না। আমি বিষয়টি দেখব।’ জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বলেন, ‘আমি যে উপজেলায় যাই, সেখানেই প্রাথমিক শিক্ষা বিভাগকে উন্নত পর্যায়ে নেওয়ার জন্য বলি। বিশেষ করে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত ও ক্লাসে বসেই ছাত্রদের পড়া তৈরি করার জন্য বারবার বলে আসছি। তার পরেও গ্রামের অভিভাবকেরা দরিদ্র ও অশিক্ষিত এবং শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে। এখানে শিক্ষকদের ছাত্রদের প্রতি বেশি সময় দেওয়া প্রয়োজন।’শিক্ষকদের বক্তব্য: নাম প্রকাশ না করার শর্তে ভোলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, স্কুলে বসেই ছাত্রদের পড়া তৈরি করাতে হলে প্রথমে ছাত্র এবং শিক্ষকের অনুপাত ৩০:১-এ নিয়ে আসতে হবে। শিক্ষকদের যাতায়াত ভাতা চালু করতে হবে। বেতন-ভাতা বাড়াতে হবে। কোনো কোনো শিক্ষকের স্কুলে যেতে প্রতিদিন দেড় থেকে ২০০ টাকা যাতায়াত ভাড়া খরচ হয়। বেতন যা বাড়ানো হয় তার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। এ জন্য রেশনিং প্রথা চালু করতে হবে। শিক্ষকদের দিয়ে শুধু ছাত্রদের পড়ালেখাই করানো উচিত। ছাত্রকে দিয়ে শিক্ষকেরা পিয়ন ও ঝাড়ুদারের কাজও করেন। উঠতে-বসতে মনিটরিং না করে সিলেবাস অনুযায়ী ছাত্রদের মাসিক মূল্যায়ন করা উচিত।