কর্তৃপক্ষের বক্তব্য
১৯ সেপ্টেম্বর বদলি হওয়া সিভিল সার্জন সোলাইমান আল ফারুক বলেন, জনবল ও চিকিৎসা সরঞ্জামাদির সংকট সব জায়গায়। এ সমস্যা সমাধানের এখতিয়ার আমার নেই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এখানকার উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবস্থা জানিয়েছি। চিকিৎসক, নার্স, কর্মচারী সব ক্ষেত্রেই জনবল বাড়ানো প্রয়োজন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, চিকিৎসকদের সময়মতো হাসপাতালে আসার ব্যাপারে আমি সবসময় তাগিদ দিয়ে থাকি। লালপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, যাঁরা ডেপুটেশন নেন, তাঁদের হাত অনেক লম্বা। আমরা ডা. বাশারের ডেপুটেশন বাতিল করতে অনেক লেখালেখি করেও ব্যর্থ হয়েছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও বলেন, শুধু ভবন নির্মাণ করলেই তো আর তা চিকিৎসাকাজে ব্যবহার করা যায় না। বাড়তি জনবল ও উপকরণ না পাওয়ায় বাড়তি চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত করার পর অতিরিক্ত ২৯টি পদ সৃষ্টি হয়েছে। এর মধ্যে ২৬টি পদই এখনো শূন্য। সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিন উদ্দিন মিয়া বলেন, কিছু সমস্যা তো রয়েছেই। নতুন ভবন চালু হলে শয্যা সমস্যা থাকবে না। প্রয়োজনীয় উপকরণ ও জনবল নিয়োগ না দেওয়ায় সম্প্রসারিত ভবন চালু করা যাচ্ছে না। গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ অধ্যাপক আবদুল কুদ্দুস জানান, চলনবিলের অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, অভাবী ও অসচেতন মানুষের কথা বিবেচনা করে ২০০১ সালে গুরুদাসপুরে ইওসি (জরুরি প্রসূতিসেবা) কার্যক্রমের জন্য আধুনিক ভবনসহ প্রয়োজনীয় আসবাবপত্র ও যন্ত্রপাতি দেওয়া হয়। এর পরও যদি সাধারণ মানুষ সেবা না পায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।