কর্তৃপক্ষের ব্যর্থতা প্রকাশ পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তৃপক্ষের চরম ব্যর্থতা প্রকাশ পেয়েছে শিক্ষক মিজানুর রহমান ও চাঁপা রানী ভৌমিক হত্যার ঘটনায়। উত্ত্যক্তকারীরা এখন হত্যা করে শাসাচ্ছে। এত সাহস তারা কোত্থেকে পাচ্ছে, তাদের পরিচয় কী, কে তাদের প্রশ্রয় দিচ্ছে—ইভ টিজিং রোধে এ বিষয়গুলো জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা প্রয়োজন।ফরিদপুরে মেয়েদের উত্ত্যক্তের প্রতিকার চাওয়ায় চাঁপা রানী ভৌমিকের গায়ে মোটরসাইকেল তুলে দিয়ে হত্যা করে বখাটে দেবাশীষ সাহা ওরফে রনি। যাওয়ার সময় সে তাঁর স্বামীকেও হত্যার হুমকি দেয়। শিক্ষক মিজানুর রহমান হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী বললেন, কাউকে ছাড় দেওয়া হবে না। কিন্তু তার পরও হত্যাকাণ্ড ঘটেছে। সারা দেশে সব উত্ত্যক্তকারীকে গ্রেপ্তার করা হয়নি। আবার গ্রেপ্তার হওয়ার পর অনেকে জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে। উত্ত্যক্তকারীরা বুঝতে পারছে, প্রশাসনের সীমাবদ্ধতা কোথায়। তাদের কেউ আশ্বস্ত করছে কি না, সে নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ বিভিন্ন জরিপে দেখা গেছে, যারা উত্ত্যক্ত করছে, তাদের ৬০ শতাংশ উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। বোঝাই যাচ্ছে তারা যথেষ্ট প্রভাবশালী।ইভ টিজিং রোধে নতুন করে আর কোনো আইনের প্রয়োজন নেই। কারণ সাম্প্রতিক ঘটনাগুলো পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির কাজটাও এগিয়ে নিতে হবে। সাধারণত যারা সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন, তারা নারী-পুরুষের সহজ সুন্দর সম্পর্কে আগ্রহী হয় না। তারা মেয়েদের নির্যাতন করে পৌরুষ দেখাতে পছন্দ করে।সমাজের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মেয়েদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। পশ্চিমবঙ্গে মেয়েরা স্কুলে কারাতে শিখছে, সাইকেল চালাচ্ছে। বাংলাদেশের মেয়েদের আরও বেশি করে গুটিয়ে থাকার শিক্ষা না দিয়ে আত্মবিশ্বাস কী করে বাড়ানো যায়, সে ব্যাপারে বিশেষ নজর দেওয়া দরকার।সালমা খান: নারী নেত্রী ও জাতিসংঘ সিডও কমিটির সাবেক চেয়ারপারসন।