নির্বাচনের দাবিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের প্রধান বাণিজ্যিক এলাকাজুড়ে বসা ‘লাল শার্ট’ পরা হাজার হাজার বিক্ষোভকারীকে গণগ্রেপ্তারের হুমকি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এ হুমকির পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা আজ রোববার সরকারের সঙ্গে আলোচনায় বসবে। আগাম নির্বাচনের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্ট পরা হাজার হাজার বিক্ষোভকারী গত কয়েক সপ্তাহ ধরে ব্যাংককে বিক্ষোভ করে আসছে। দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভ আজ চতুর্থ সপ্তাহে পড়ল।উল্লেখ্য, বিক্ষোভকারীরা নগরের যে এলাকায় অবস্থান করছে সেখানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম শপিং কমপ্লেক্স ‘সেন্ট্রাল ওয়ার্ল্ড’ এবং অর্ধডজন বড় শপিংমলসহ নগরটির সবচেয়ে আধুনিক দোকানপাট ও বিলাসবহুল অনেক হোটেল। বিক্ষোভকারীরা ওই এলাকায় কয়েক দিন অবস্থান করার ঘোষণা দেওয়ার পর শনিবার শপিংমলগুলো বন্ধ রাখা হয়। সরকার বলেছে, বিক্ষোভকারীরা যদি ব্যাংককের ওই কেন্দ্রস্থলের নিয়ন্ত্রণ ত্যাগ না করে তাহলে তাদের প্রত্যেককে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে, দিতে হবে ২০ হাজার বাথ জরিমানা। কিন্তু ওই এলাকা ছাড়ার জন্য শনিবার রাত নয়টা পর্যন্ত সরকারের বেঁধে দেওয়া সময়সীমা উপেক্ষা করেছে ৫০ হাজারেরও বেশি বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের নেতা ভিরা মুসিকাপং রয়টার্সকে বলেছেন, তাঁর সঙ্গীরা অন্ততপক্ষে সোমবার পর্যন্ত ওই এলাকায় অবস্থান করবে। তবে তাদের অবরোধ শিথিল করার ব্যাপারে আজ তারা সরকারের সঙ্গে আলোচনায় বসবে।প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিবার দপ্তরমন্ত্রী শথিত ওংনংটোয়ে গতকাল শনিবার স্থানীয় টেলিভিশনে বলেন, দেশটির প্রধান বাণিজ্যিক এলাকায় এ ধরনের অবরোধ আইনসম্মত নয়, কেননা তা ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি করছে। শথিত আরও বলেন, জোর করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার পরিকল্পনা আপাতত সরকারের নেই। ‘বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার না করলে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে’—এই প্রকাশ্য ঘোষণার প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরা আজ রোববার কী করে তা দেখতে চায় সরকার।