কর্নেল তাহেরের গোপন বিচার: রিটের চূড়ান্ত শুনানি ৬ জানুয়ারি পর্যন্ত মুলতবি
বিশেষ সামরিক ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল এম এ তাহেরের গোপন বিচারের বৈধতার প্রশ্নে রিটের ওপর চূড়ান্ত শুনানি পিছিয়েছে। হাইকোর্ট আগামী ৬ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছেন। আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরকার পক্ষের সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি মুলতবি করেন।উল্লেখ্য, কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতার প্রশ্নে তাঁর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের ও সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরেক ভাই প্রয়াত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ আগস্ট মাসে হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ আগস্ট হাইকোর্ট কর্নেল তাহেরের সামরিক আদালতে গোপন বিচারের নথি সরবরাহ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে তাহেরের গোপন বিচারের জন্য ১৯৭৬ সালের ১৬ নম্বর সামরিক ফরমানের আওতায় আদালত গঠন, বিচার ও ফাঁসি কার্যকর করা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। সর্বশেষ ২ ডিসেম্বর আদালত রুল শুনানির জন্য প্রস্তত করতে নির্দেশ দেন। সে সঙ্গে বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়।