বিশেষ সামরিক ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল এম এ তাহেরের গোপন বিচারের নথি তলব করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে তাহেরের গোপন বিচারের জন্য ১৯৭৬ সালের ১৬ নম্বর সামরিক ফরমানের (মার্শাল রেগুলেশন) আওতায় আদালত গঠন, এর আওতায় গোপন বিচার এবং তাহেরের ফাঁসি কার্যকর করা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করা হয়। আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, প্রতিরক্ষাসচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, কারা মহাপরিদর্শক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়কসহ সাতজনকে তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের ও সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরেক ভাই প্রয়াত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত রোববার হাইকোর্টে রিটটি করেন। গতকাল এর ওপর শুনানির পর আদালত রুল জারি করাসহ আদেশ দেন।আদেশের পর: আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। গোপন বিচারের নামে তাহেরকে ফাঁসি দেওয়া হয়। এটি ছিল একটি হত্যাকাণ্ড। আজ বাবা-মা বেঁচে থাকলে গর্বিত হতেন। রিট আবেদনকারীদের আইনজীবী শাহ্দীন মালিক প্রথম আলোকে বলেন, আদালত কর্নেল তাহেরসহ ১৭ জনের বিচারসংক্রান্ত নথি তলব করেছেন। গোপন বিচারের জন্য জারি করা সামরিক আইন আদেশ, ওই বিচার এবং সাজা কার্যকর করা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। শুনানি: শাহ্দীন মালিক বলেন, আপিল বিভাগ সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল ঘোষণার রায় বহাল রেখেছেন। রায় পর্যালোচনায় দেখা যায়, সংক্ষুব্ধ ব্যক্তি কোনো কোনো বিষয়ে প্রতিকারের আবেদন জানালে তা বিবেচনা করার সুযোগ রয়েছে। তিনি বলেন, বিশেষ মার্শাল ট্রাইব্যুনালে বিচার করে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। এ ধরনের বিচার মধ্যযুগে হতে পারত। আমাদের দেশে ক্যামেরা ট্রায়ালের সুযোগ নেই। রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রাখা হয়নি আইনে। এটি সংবিধান পরিপন্থী। কিন্তু কর্নেল তাহেরকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে, তা অমানবিক। সামরিক আদালতের বিচারের ওই মামলার কোনো নথি আজ পর্যন্ত জনগণের সামনে প্রকাশ করা হয়নি। কর্নেল তাহেরের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হয়। এই দেশদ্রোহের দায়ভার থেকে কর্নেল তাহের বীর উত্তমকে মুক্ত করার জন্য আবেদনটি করা হয়েছে। তিনি এ ব্যাপারে নির্দেশনা দেওয়ার আরজি জানান।রিট আবেদনকারীদের বক্তব্য সমর্থন করে শুনানির শেষ পর্যায়ে আইনজীবী আবদুল মতিন খসরু বলেন, এটি অসাংবিধানিক বিচার। গোপন ট্রাইব্যুনালে বিচারের সুযোগ নেই। রিটের অংশবিশেষ: রিট আবেদনে বলা হয়, পঁচাত্তরের ২০ আগস্ট সামরিক আইন জারি করা হয়। এর মাধ্যমে বাংলাদেশকে সামরিক আইনের আওতায় আনা হয়। ’৭৬ সালের ১৬ নম্বর মার্শাল রেগুলেশন জারি করা হয়। এর ক্ষমতাবলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কর্নেল তাহেরসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়। গোপন বিচারের জন্য গঠন করা হয় সামরিক আদালত। পঁচাত্তরের ২৪ নভেম্বর তাহেরকে গ্রেপ্তার করা হয়। এরপর রাষ্ট্রদ্রোহের অভিযোগে ’৭৬-এর ১৭ জুলাই তাহেরসহ ১৭ জনকে সাজা দেওয়া হয়। তাহেরকে মৃত্যুদণ্ড এবং অন্যদের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়। ২১ জুলাই ভোররাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। কিন্তু রাষ্ট্রদ্রোহের অভিযোগে দণ্ডবিধিতে যাবজ্জীবন কারাদণ্ডের কথা থাকলেও এ ক্ষেত্রে তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে ফাঁসি দেওয়া হয়।রিটে বলা হয়, সংবিধানে গোপন বিচারের কোনো বিধান নেই। রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না এমন বিধানও নেই। কিন্তু ১৯৭৬ সালে ওই সামরিক আইন আদেশের জন্য এই বিচারের বিরুদ্ধে আপিল করা যায়নি। বিচারের কোনো কাগজপত্র কেউ পায়নি। এটি ছিল মধ্যযুগীয় বিচার। রিটে বলা হয়, পঁচাত্তরের ২০ আগস্ট সামরিক আইন জারি করা হয়। ’৭৬ সালে আরেকটি সামরিক আইন আদেশ জারি করে তাহেরের গোপন বিচারের জন্য সামরিক আইন আদালত গঠন করা হয়। এর আগে পঁচাত্তরের ২৪ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাহেরসহ অন্যদের বিচার হয়। অনেক চেষ্টা করেও কর্নেল তাহেরের স্ত্রী বিচারসংক্রান্ত কোনো কাগজ পাননি। আনোয়ার হোসেনকেও বিচারে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে আনোয়ার হোসেন ও আবু ইফসুফ খান ১৯৮০ সালে মুক্তি পান।