কর্নেল তাহেরের বিচার ছিল সামারি ট্রায়াল: আবদুল আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কর্নেল তাহেরের বিচারের জন্য গঠিত বিশেষ সামরিক ট্রাইব্যুনালে বিচার ছিল সামারি (সংক্ষিপ্ত ) ট্রায়াল। শুধু রাজ সাক্ষীর ভিত্তিতে সাজা দেওয়া যায় না। যদি কোলাবোরেশন না থাকে, তাহলে রাজ সাক্ষীর ভিত্তিতে সাজা দেওয়া যায় না—আমি মৌখিকভাবে এ বিষয়ে দ্বিমত পোষণ করেছিলাম।’ আজ বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হয়ে কর্নেল তাহেরের গোপন বিচারের ট্রাইব্যুনালের সদস্য মো. আবদুল আলী এসব কথা বলেন।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর শুনানিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।শুনানিতে তিনি আরও বলেন, মার্শাল ল রেগুলেশন অনুযায়ী ট্রাইব্যুনালের সদস্য ও আইনজীবীদের বিচারের বিষয়ে বাইরে কোনো তথ্য প্রকাশ না করার শপথ পড়ানো হয়।আদালতের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রদ্রোহমূলক ও সরকার উত্খাতের অভিযোগে কর্নেল তাহেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়।শুনানিকালে আদালত তত্কালীন জেলা প্রশাসক ও সাবেক উপদেষ্টা এম এম শওকত আলীকে হাইকোর্ট ১৮ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন। ১৯৭৬ সালের ১৭ জুলাই সামরিক আদালতের গোপন বিচারে লে. কর্নেল তাহেরকে সাজা দেওয়া হয়। ওই বছরের ২১ জুলাই ভোরে তাহেরের ফাঁসি কার্যকর হয়। তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তাঁর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুত্ফা তাহের ও সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরেক ভাই প্রয়াত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ আগস্ট আদালত তাহেরের গোপন বিচার প্রশ্নে রুল জারি করেন।