কর্নেল রশীদের মেয়েসহ গ্রেপ্তার ৪
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত কর্নেল সুলতান শাহরিয়ার রশীদের মেয়েসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কর্নেল রশীদের মেয়ে শেহনাজ রশীদ, তাঁর ভাসুর তায়েব জামান, মাহবুব হোসেন ও তৌহিদুল ইসলাম।ঘটনা সম্পর্কে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, ধানমন্ডির ৯/এ সড়কের ৬৪ নম্বর বাড়ির ডি/৫ ফ্ল্যাটের বাসিন্দা ফুয়াদ জামান ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ আজ ভোরে সেখানে অভিযান চালায়। ফুয়াদ জামান কর্নেল রশীদের জামাতা। অভিযানকালে তাঁকে বাসায় পায়নি পুলিশ। তবে ১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।