কর্নেল শাহরিয়ার রশিদের মেয়ে এক দিনের রিমান্ডে
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত কর্নেল শাহরিয়ার রশিদের মেয়ে শেহনাজ রশিদকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। আদালতে ধানমন্ডি থানা পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল শনিবার ধানমন্ডির একটি বাসা থেকে শেহনাজ রশিদ খান (২৮), তাঁর ভাসুর তায়েব জামান, মাহবুব হোসেন ও তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, ওইদিন ভোরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ধানমন্ডির ওই বাসায় অভিযান চালায়। সেখানে ইয়াবা সেবনরত অবস্থায় তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে বাসা তল্লাশি করে পুলিশ ১২টি ইয়াবা বড়ি ও ১০ হাজার টাকা উদ্ধার করে।