কর্মকর্তা ও চিকিৎসকের পদ শূন্য, অফিস চলছে কম্পাউন্ডার দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবলের অভাবে বাহুবল উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জনের পদ দুটি শূন্য রয়েছে প্রায় এক বছর ধরে। ওই দুটি পদসহ বিভিন্ন পদে ১০ জন কর্মকর্তা ও কর্মচারী থাকার কথা থাকলেও কর্মরত আছেন মাত্র চারজন। ফলে উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ পশু ও প্রাণী চিকিৎসা নিয়ে বিপাকে পড়েছেন।সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পদটি এক বছর আগে শূন্য হলে কয়েক মাস আগে পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ভেটেরিনারি সার্জন পদটি শূন্য রয়েছে আট মাস ধরে। অফিস সহকারী নেই পাঁচ বছর। ভিএফএ (মাঠকর্মী) তিনজনের মধ্যে কর্মরত আছেন একজন। পাঁচ মাস আগে ড্রেসার পদটিও শূন্য হয়েছে। বর্তমানে অফিসটিতে কর্মরত আছেন কম্পাউন্ডার একজন, এফএ (এ/আই) একজন ও এমএলএসএস একজন। উপজেলার গকুলপুর গ্রামের হাঁসের খামারি বাচ্চু মিয়া, অলুয়া গ্রামের ফুল মিয়া ও মিরজুমলা গ্রামের আবদুল মন্নান জানান, ‘ভেটেরিনারি সার্জন না থাকায় হাসপাতালে (প্রাণিসম্পদ অফিস) গিয়ে ভ্যাসকিন পাই না।’ জানা যায়, উপজেলায় বাচ্চু মিয়া, ফুল মিয়া ও আবদুল মন্নানের মতো ২০০ হাঁসের খামারি আছেন। ওই খামারগুলোতে হাঁস আছে প্রায় এক লাখের ওপরে। উপজেলার পুটিজুরী বাজারের কৃষক মো. শাহেদ আলী বলেন, ‘প্রাণিসম্পদ অফিসে যেতেই এখন ভয় করে। ডাক্তার নেই। আন্দাজের ওপর চিকিৎসা চলে।’ বাহুবল গ্রামের কলেজছাত্র কনক দেব মিঠু বলেন, ‘দুই মাস আগে আমার একটি গাভি মারা যায়। গাভিটিকে অসুস্থ অবস্থায় অফিসে নিয়ে গেলে অফিসের লোকজন বলেন, গাভিটির খাদ্যনালিতে সমস্যা। কিন্তু গাভিটি মারা যাওয়ার পর ধারণা করি, গাভিটি অ্যানথ্রাক্স রোগে মারা গেছে।’ এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ অফিসের কম্পাউন্ডার মো. রফিকুল ইসলাম বলেন, ‘ডাক্তারের কাজ কি আমাদের দ্বারা সম্ভব। তবে অভিজ্ঞতার আলোকে যে রকম পারছি, চালিয়ে যাচ্ছি।’ তিনি বলেন, ‘অফিসে আমরা মাত্র চারজন। মাঠ দেখতে হয়, আবার জেলা অফিসের সঙ্গে যোগাযোগও রাখতে হয়। তাই দায়িত্ব পালন করতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে।’ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা বলেন, ‘বাহুবলে দুজন ডাক্তারের মধ্যে একজনও নাই। এভাবে গুরুত্বপূর্ণ অফিস চলতে পারে না। বিষয়টি মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’