কর্মকর্তা ও সাধারণ সেনাদের বৈষম্য কমাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনা কর্মকর্তা ও সাধারণ সেনাদের মধ্যে বিদ্যমান বৈষম্য হ্রাসে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সেনা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গতকাল রোববার সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর ফরমেশন কমান্ডারস কনফারেন্সে ভাষণকালে তিনি এ নির্দেশ দেন। তিনি বলেন, সেনা কর্মকর্তা ও সাধারণ সেনাদের মধ্যে এখনো অনেক বৈষম্য রয়েছে। এটা কমাতে হবে। তিনি সেনাবাহনীর চেইন অব কমান্ড বজায় রাখারও নির্দেষ দেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, অধস্তনদের দিকে কমান্ডারদের অবশ্যই নজর রাখতে হবে, যা চেইন অব কমান্ড প্রতিষ্ঠায় সহায়ক। এ ছাড়া এই অধস্তনরাও জ্যেষ্ঠ কর্মকর্তাদের আদেশ অবশ্যই মেনে চলবে। তিনি বলেন, আবাসন, চিকিৎসা সেবা, খাদ্য, শিক্ষাসুবিধাসহ শৃঙ্খলা ভঙ্গের শাস্তির ক্ষেত্রে এখনো কিছু বৈষম্য বিদ্যমান। সামরিক বাহিনীকে এ বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রশিক্ষণেই সৈনিকদের সেরা কল্যাণ নিহিত’ এ মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীর সব সদস্যকে প্রশিক্ষণ নিতে যথাযথ মনোযোগী হতে হবে। তিনি সেনাসদস্যদের ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের চেতনায় সামরিক বাহিনী গঠনের নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, সেনাবাহিনীর সদস্যরা যেকোনো মূল্যে গণতন্ত্র রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তিনি আইনের শাসন প্রতিষ্ঠা, গণমানুষের কল্যাণ নিশ্চিত, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ও সংবিধানের প্রহরী হিসেবে নিঃশঙ্কচিত্তে কাজ করে যেতে সৈনিকদের প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সেনাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। সর্বশক্তি নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। চাকরিতে পদোন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, সৎ, যোগ্য ও মেধাবী কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হবে এবং দক্ষতার ভিত্তিতে নতুন কর্মকর্তা ও সেনা নিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর চালের দাম ৪৫ টাকা থেকে কমিয়ে ১৮-২০ টাকায় নিয়ে এসেছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে খাদ্যমূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে এর প্রভাব পড়ে। সরকার ওএমএস এবং ন্যায্যমূল্যের কার্ডসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ লোকদের জন্য স্বল্পমূল্যে চাল সরবরাহ করছে। বিদ্যুৎ সম্পর্কে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর তাঁর সরকারের গৃহীত পদক্ষেপে জাতীয় গ্রিডে এক হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। ৩৪টি নতুন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের নির্মাণকাজ চলছে। প্রধানমন্ত্রী এর আগে সেনা সদর দপ্তরে এসে পৌঁছালে তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন তাঁকে অভ্যর্থনা জানান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল আবদুল ওয়াদুদ, ডিজিএফআইয়ের মহাপরিচালক লে. জেনারেল মোল্লা ফজল আকবর এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।