কর্মকর্তা-কর্মচারীদের দ্বন্দ্বই বড় সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীনিবাসের ডাইনিং রুম দখল, নিম্নমানের খাবার পরিবেশন, ছাত্রাবাস-ডরমেটরিতে প্রশিক্ষক-কর্মচারী থাকাসহ নানা সমস্যা রয়েছে সুনামগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রশিক্ষণকেন্দ্র এবং জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এসব বিষয় নিয়ে দ্বন্দ্ব। এসবের প্রতিবাদে সম্প্রতি পরীক্ষা বর্জন করে প্রশিক্ষণার্থীরা জেলা কার্যালয়ের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। অপরদিকে জেলা কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, প্রশিক্ষণকেন্দ্রের কর্মকর্তারা ছাত্রদের উসকানি দিচ্ছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন একাডেমি শহরের পূর্ব প্রান্তে নবীনগর এলাকায় অবস্থিত। ২০০৬ সালে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে দুই একর জমির ওপর এটি নির্মাণ করা হয়। ২০০৭ সালের জুলাই মাসে কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। এখানে একটি পাঁচতলা প্রশাসনিক ভবন, তিনতলা একটি ছাত্রাবাস, দোতলা একটি ছাত্রীনিবাস, কর্মচারীদের থাকার জন্য একটি দোতলা ডরমেটরি ও একটি পোলট্রি শেড রয়েছে। কেন্দ্রটি চালু হওয়ার আগে জেলা যুব উন্নয়ন কার্যালয় ছিল শহরের হাজীপাড়া এলাকায় একটি ভাড়া করা ভবনে। এটি চালু হওয়ার পর একই ভবনে জেলা কার্যালয় এবং প্রশিক্ষণকেন্দ্রের কাজ চলছে। জেলা কার্যালয় সূত্রে জানা যায়, জেলা কার্যালয়ের মাধ্যমে কম্পিউটার, মাছ চাষ, পোশাক তৈরি, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং, ইলেকট্রনিকস ও রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং—এই ছয়টি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। অনাবাসিক প্রশিক্ষণার্থীরাই এসব বিষয়ে এক থেকে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ নিয়ে থাকেন। এ ছাড়া প্রশিক্ষণকেন্দ্রে আড়াই মাস মেয়াদি গবাদিপশু ও কৃষিবিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এ বিষয়ে প্রতি ব্যাচে ৬০ জন করে প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা হয় সরকারিভাবেই। সারা জেলা থেকে উপজেলা কার্যালয়ের মাধ্যমে এই ৬০ জন প্রশিক্ষণার্থী জোগাড় করা হয়। বর্তমানে ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ চলছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের দ্বন্দ্বে দুই প্রতিষ্ঠানের প্রশিক্ষণকাজ ব্যাহত হচ্ছে।প্রশিক্ষণকেন্দ্র সূত্রে জানা যায়, যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রকল্পের মাধ্যমে ২০০৩ সালে সারা দেশের বিভিন্ন জেলার সঙ্গে সুনামগঞ্জেও এই কেন্দ্রটি চালু হয়। এখানে কেন্দ্রের সহকারী সমন্বয়কারী (ডেপুটি কো-অর্ডিনেটর), সাতজন প্রশিক্ষকসহ ২০ জন কর্মকর্তা-কর্মচারী আছেন। এরপর ২০০৭ সালে যখন সুনামগঞ্জে নিজস্ব ভবনে প্রকল্পের কার্যক্রম স্থানান্তরিত হয়, তখন প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর বিশেষ বরাদ্দের মাধ্যমে এটি চলছে। ২০০৮ সালে কেন্দ্রের আর্থিক বিষয় জেলা কার্যালয়ের উপপরিচালকের কাছে হস্তান্তর করা হয়। কেন্দ্রের যাবতীয় বিলে সই করেন জেলা কার্যালয়ের উপপরিচালক। এরপর কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের খাবারের বিল, ডরমেটরিতে থাকাসহ নানা বিষয় নিয়ে শুরু হয় উপপরিচালকসহ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কেন্দ্রের সমন্বকারী ও প্রশিক্ষকদের দ্বন্দ্ব।কেন্দ্রের বর্তমান ব্যাচের প্রশিক্ষণার্থীদের অভিযোগ, তাঁদের খাবারের বিল উপপরিচালকের কাছে দেওয়া হলে তিনি সেটি আটকে রাখেন। ছাত্রীনিবাসের ডাইনিং কক্ষটি দীর্ঘদিন ধরে দখল করে আছেন জেলা কার্যালয়ের এমএলএসএস নাসির খান। তিনি তাঁর পরিবারের লোকজন নিয়ে ছাত্রীদের হোস্টেলে থাকেন। সঙ্গে তাঁর এক মানসিক ভারসাম্যহীন বয়স্ক ভাইও আছেন। ছাত্রীদের টেলিভিশন উপপরিচালক নিজের কক্ষে নিয়ে রেখেছেন। কর্মচারী ডমেটরিতে জেলা কার্যালয়ের কেউ থাকার নিয়ম নেই জানিয়ে তাঁরা জানান, এখানে দিরাই উপজেলার কর্মকর্তা মাহফুজ আহমেদ, জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা আবু সাঈদ পরিবার নিয়ে থাকছেন। প্রশিক্ষণার্থী আবুল কালাম, প্রশান্ত কর্মকার ও জুয়েল আহমদ বলেন, ছাত্রাবাসে খাবারের মান ভালো না। প্রত্যেক ছাত্রের জন্য দিনে মাত্র ৪০ টাকা বরাদ্দ। সময়মতো এই টাকা না পাওয়ায় সবকিছু বাকিতে কিনে চালান তাঁরা। সরেজমিনে দেখা গেছে, ছাত্রীনিবাসের নিচতলা পুরোটাই বেদখলে আছে। ডাইনিং রুমটি নাসির খান দখল করে তাঁর মা, ভাই, স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে বাস করছেন। এর পাশপাশি আরও দুটি কক্ষ দখল করেছেন প্রশিক্ষণকেন্দ্রের আর দুজন। একজন আছেন পরিবারসহ। ছাত্রীনিবাসে থাকা নাজমা বেগম, তাছলিমা ও তানিয়া জানান, নাসিরের ভাই মানসিক ভারসাম্যহীন। তিনি প্রায় সময় সিঁড়িতে অশালীন ভঙ্গিতে বসে থাকেন। এ জন্য তিনজন মেয়ে হোস্টেল ছেড়ে চলে গেছেন। ডাইনিং না থাকায় তাঁরা ছেলেদের ডাইনিং থেকে খাবার নিয়ে আসেন।প্রশিক্ষণকেন্দ্রের প্রশিক্ষক জাহিদুল ইসলাম ও মোশারফ হোসেন বলেন, ‘আমাদের প্রকল্পের মেয়াদ শেষ। বেতন হচ্ছে অনিয়মিত। তিন-চার মাসে একবার বেতন পাচ্ছি। তার পরও আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি।’ কেন্দ্রের সহকারী সমন্বয়কারী মো. শওকত ওসমান বলেন, ‘জেলা কার্যালয়ের নানা অনিয়ম-অবহেলার কারণে ছাত্ররা বিক্ষোভ করেছে। উপপরিচালকের কাছে খাবারের বিল গেলে তিনি কয়েক দিন আটকে রাখেন। টাকা না পেলে ছাত্ররা খাবে কীভাবে। আমরা তাদের কোনো উসকানি দিইনি।’ তিনি আরও বলেন, ‘ছাত্রীনিবাসের ডাইনিং রুম দখলের বিষয়ে বারবার বলার পরও উপপরিচালক কোনো ব্যবস্থা নেননি। এখন মনে হয়, রাজনৈতিক বিষয় কাজ করছে।’ জেলা কার্যালয়ের প্রশিক্ষক আবু সাঈদ বলেন, ‘ডরমেটরিতে শুধু আমি একা নই, কেন্দ্রের কর্মকর্তারাও থাকছেন। আমি আবেদন করে অনুমতি নিয়ে থাকছি। কিন্তু তাঁরা তো আবেদন বা সরকারকে কোনো টাকা না দিয়েই থাকছেন।’ জেলা কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমান বলেন, ‘সমস্যাটা হচ্ছে মানসিক। কেন্দ্রের কর্মকর্তারাই নানাভাবে ছাত্রদের উসকানি দিচ্ছেন। আমি তো কারও বিল আটকে রাখিনি। তবে বাস্তবে কয়জন আছে, আর কয়জনের বিল করা হয়েছে, সেটি তো অন্তত দেখতে হয়।’ ছাত্রীনিবাসের বিষয়ে তিনি বলেন, নাসির খান স্থানীয় লোক। শুরু থেকেই এখানে আছেন। কোনো সমস্যা হলে তিনি সব সামাল দেন। তার পরও তাঁকে বলা হয়েছে ডাইনিং ছেড়ে দিতে।