সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহজালাল সার কারখানা প্রকল্পে টিলা কেটে মাটি ভরাটের কাজের এলাকা আজ মঙ্গলবার দুপুরে পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। প্রশাসনের হস্তক্ষেপে মাটি ভরাটের কাজ বন্ধ করে দেওয়ার এক দিন পর কর্মকর্তারা ওই এলাকা পরিদর্শন করলেন।গত কয়েক দিন ধরে নির্মাণাধীন শাহজালাল সার কারখানার প্রকল্পে টিলা কেটে মাটি ভরাটের কাজ করে আসছিল প্রকল্পের কাজের সহযোগী ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রাদার্স গ্রুপ। এ ব্যাপারে গত সোমবার দৈনিক প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশের পর পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালকের নির্দেশে স্থানীয় প্রশাসন টিলা কাটা বন্ধ করে দেয়। আজ দুপুরে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক আবদুল মালেক তদন্ত করতে ঘটনাস্থলে যান। এ সময় ফেঞ্চুগঞ্জ ও রাজনগর উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।পরিদর্শক দলের সদস্যরা টিলা থেকে কী পরিমাণ মাটি কেটে ফেলা হয়েছে, তা পরিমাপ করেন। টিলার মাটি কাটায় জড়িত ব্যক্তিদের নাম-ঠিকানা জোগাড় করেন।এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।