কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে অনুমতির প্রয়োজন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্তে সরকারের পূর্বানুমতির প্রয়োজন নেই বলে মত দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। তবে অভিযোগপত্র দেওয়ার ব্যাপারে অনুমোদন নেওয়ার বিষয়ে একটি বিশেষ বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে শুধু সাংসদেরা ও মন্ত্রী উপস্থিত থাকবেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪-এর সংশোধনীর ওপর মতামত নিতে গতকাল রোববার সংসদ ভবনে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভা হয়। কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত ও অনুসন্ধানে অনুমতির প্রয়োজন নেই—এ ব্যাপারে সবাই একমত হয়েছেন। তবে অভিযোগপত্রের ক্ষেত্রে কী হবে, সে ব্যাপারে আরও আলোচনা প্রয়োজন।সভায় দুর্নীতি দমন কমিশনকেও (দুদক) আমন্ত্রণ জানানো হয়েছিল। দুদক কমিশনার মো. বদিউজ্জামানসহ কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। তবে দেশে না থাকায় দুদক চেয়ারম্যান ছিলেন না। সভায় দুদকের পক্ষ থেকে বলা হয়, স্বাধীনভাবে কাজ করার জন্য সংস্থাটিকে অর্থনৈতিক ও কাঠামোগত স্বাধীনতা দিতে হবে। এ জন্য আইনে বিষয়গুলো নিশ্চিত করতে হবে। সংসদীয় কমিটি দুদককে এ ব্যাপারে একটি লিখিত প্রস্তাব দিতে বলেছে। সুরঞ্জিত সেনগুপ্ত এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করা দরকার। এ জন্যই এ আইনটি নিয়ে অনেক আলোচনা চলছে। আগামী মাসেই আইনটি চূড়ান্ত করে সংসদে উপস্থাপন করা হবে।’ দুর্নীতি দমনবিষয়ক আইন খতিয়ে দেখতে তিনটি দেশ সফর করা সম্পর্কে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ওই তিন দেশে সংস্থাগুলো অর্থনৈতিক, প্রশাসনিক ও কর্মকাণ্ড—এসব বিষয়ে স্বাধীন। কোনো কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে এনকোয়ারি, ইনভেস্টিগেশন ও প্রসিকিউশনে কোনো পূর্বানুমতির বিধান নেই। সংসদীয় কমিটি চায় দুদকও স্বাধীনভাবে কাজ করুক।’দুর্নীতি দমন-প্রক্রিয়া দেখতে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়ায় দুই সপ্তাহব্যাপী সফর করে সংসদীয় কমিটির প্রতিনিধিদল। দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪ সংশোধনের জন্য গত ২৮ ফেব্রুয়ারি সংসদে বিল উত্থাপিত হয়। বিভিন্ন দেশের এ-সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করে বিদ্যমান আইনে সংশোধনী আনতে সংসদীয় কমিটি ছয় মাস ধরে কাজ করছে।গতকালের সভায় সংসদীয় কমিটি দুদক আইনের বিধিমালা অনেক ক্ষেত্রে আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে মত প্রকাশ করে। কমিটি বিধিমালাটিকে আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি করে সভায় উপস্থাপন করতে মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে। দুদকের কমিশনার মো. বদিউজ্জামান এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, দুদককে স্বাধীনভাবে কাজ করতে হলে একে অর্থনৈতিক ও কাঠামোগত স্বাধীনতা দিতে হবে। আইনে এ বিষয়গুলো নিশ্চিত করা প্রয়োজন বলে কমিশন মনে করে। এ ব্যাপারে দুদক থেকে একটি বিস্তারিত প্রতিবেদন কমিটিতে দেওয়া হবে বলে কমিশনার জানান।