আবুল খায়ের কামারের কাজ করেন। ঈদুল আজহায় লোহার দা-ছুরি-বঁটি তৈরি নিয়ে খুব ব্যস্ত সময় কাটিয়েছেন। মিরপুর-১ নম্বর সেকশনে নুরু কামারের দোকানের কারিগর আবুল খায়ের। প্রতিদিন ২৫০ টাকা মজুরি পান। তাঁর সঙ্গে আরও তিনজন কারিগর আছেন।আবুল খায়ের জানান, ঈদের আগে মাসখানেক ব্যস্ত সময় কেটেছে। তখন প্রতিদিন সকাল আটটার মধ্যে দোকানে চলে আসতেন, কাজ চলত রাত পর্যন্ত। ইস্পাত দিয়ে একটি চাপাতি তৈরি করতে প্রায় আড়াই শ টাকা খরচ পড়ে। এ রকম একটা চাপাতি বিক্রি করা হয় কমপক্ষে ৩০০ টাকায়। সাধারণ লোহায় তৈরি চাপাতি ২০০ টাকা করে বিক্রি করা হয়। তাঁরা ইস্পাতের ছুরি ১৫০ টাকা করে বিক্রি করেছেন। চামড়া ছিলার ছুরি বিক্রি হয়েছে ৭০ টাকা করে। বঁটি-দা ৩০০-৩৫০ টাকায় বিক্রি হয়েছে। আবার সাধারণ লোহার বঁটি-দা বিক্রি হয়েছে ৭০-৮০ টাকায় । ঈদের আগের দিনই তাঁদের বেচাকেনা সবচেয়ে বেশি হয়েছে।আবুল খায়েররা এবার শ-চারেক চাপাতি বিক্রি করেছেন। অনেক দা-ছুরিও বিক্রি করেছেন। আবুল খায়ের বলেন, লোহা ও ইস্পাত কেনা হয় নয়াবাজার থেকে। ঈদের আগে রাতদিন দা ও ছুরি তৈরি করেছেন। একটা এক কেজি ওজনের ইস্পাত থেকে দা তৈরি করতে কারিগরদের ঘাম ছুটে যায়।কাজটা শেষ হলে এক ঘটি পানি পান করতে হয়। গরমের দিনে কষ্ট আরও বেশি। শরীর থেকে টপটপ করে পানি পড়তে থাকে।আবুল খায়েরের গ্রামের বাড়ি রংপুরের চিলমারির শীলমুড়ি গ্রামে। ঢাকায় আছেন ১৫ বছর ধরে। শুরুতে মিস্ত্রির কাজ করেছেন, রিকশাও চালিয়েছেন আবুল খায়ের। কামারের কাজ করছেন সাত বছর ধরে। আবুল খায়ের বলেন, ‘আমি ঢাকায় আসার দুই বছর পর মারে চিলমারী থাইকা লইয়া আসি। থাকতাম আগারগাঁও বস্তিতে। মা প্রথমে বাসা বাড়িতে কাজ করতেন। পরে মা আর আমি রান্না-বান্না করে টিফিন ক্যারিয়ারে বিভিন্ন অফিসে, দোকানে খাবার সাপ্লাই দিতাম। বছর দুয়েক এই কাজ করি। একদিন মা মাথায় টিফিন ক্যারিয়ার নিয়া শ্যামলী যাওনের পথে হার্টফেল কইরা মারা যান। তারপর আমি এই ব্যবসা বন্ধ কইরা দেই। মা ভালো রানতে পারতেন। রংপুর থাকতেই কামারের কাজ করতাম। মা মারা যাওয়ার পর আবার শুরু করি। আমি বিয়া করি নাই। ১৮০০ টাকা ঘর ভাড়া দিয়া থাকি। নিজে রান্না-বান্না করে খাই। গ্রামে ছোট ভাই, বউ-বাচ্চা আছে। ঈদে চাঁন্দে বাড়ি যাই, রোজার ঈদেও গেছিলাম।’