কর্মক্ষেত্রে জনশক্তির অর্ধেক হবে নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের মধ্যে প্রশাসন, চাকরি, নেতৃত্বসহ বাংলাদেশের সব কর্মক্ষেত্রে অর্ধেক প্রতিনিধিত্ব করবে নারী। গতকাল সোমবার নিউইয়র্কে ইন্টারকন্টিনেন্টাল বার্কলে হোটেলে ‘সম-অংশীদারির ভবিষ্যত্’ শীর্ষক অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সংসদে ও নেতৃত্বের সব পর্যায়ে প্রতিনিধিত্ব ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ব্যাপারে অঙ্গীকার করছি।’ তিনি বলেন, এ সময়ের মধ্যে বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেক হবে নারী। তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে ও পারিবারিক নির্যাতন থেকে রক্ষায় আইন প্রয়োগের আরও ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্র্রতিক সময়ে বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়ন বাড়লেও তা যথেষ্ট নয় বলে শেখ হাসিনা মন্তব্য করেন। বাংলাদেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার ব্যাপারে তাঁর প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নারীরা বিশ্বের জনসংখ্যার অর্ধেক। তাদের সম-অংশীদারি বিশ্বে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে পারে।’ ‘নারী উন্নয়ন নীতিমালা’য় উচ্চশিক্ষার লক্ষ্যে মেয়েদের জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে শিক্ষা, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনা মূল্যে বই বিতরণ, ১২ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মায়েদের জন্য সন্তান জন্মের আগে-পরে স্বাস্থ্যসেবা প্রদান ও পুষ্টির বিষয়টি গুরুত্ব পেয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নারীদের নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে তাঁর সরকার দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকারের সর্বনিম্ন পর্যায়ে ১২ হাজার ৮৩৮ জন নারী নির্বাচিত হয়েছেন। তিনি জানান, ৬৯ জন নারী সাংসদের মধ্যে পাঁচজন পূর্ণ মন্ত্রী, একজন সংসদ উপনেতা ও একজন হুইপ রয়েছেন। এ ছাড়া একজন নারী মেয়র রয়েছেন। বর্তমানে বাংলাদেশে বিচার বিভাগ, প্রশাসন, কূটনৈতিক, নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থায় নারীরা উচ্চপদে আছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে ৩০ ভাগ পদ নারীদের জন্য সংরক্ষিত। তিনি আরও বলেন, বর্তমানে ৩০ লাখ নারী তৈরি পোশাক খাতে কর্মরত। অনেকে বিদেশে কাজ করছেন এবং বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। সরকার নারী ও শিশুদের সুরক্ষায় মানবপাচারবিরোধী আইন এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন প্রণয়ন করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। বাসস।