কর্মক্ষেত্রে নিজের অবস্থান
নাহিদুল ইসলাম। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন সবেমাত্র। কিন্তু নতুন পরিবেশের সঙ্গে ঠিক যেন নিজেকে খাপ খাইয়ে নিতে পারছেন না, মেলেও ধরার সুযোগও পাচ্ছেন না। যেমন নিজে বুঝতে পারছেন না, অন্যকেও তেমনি বোঝাতে পারছেন না। তাই অনেকটা হতাশ হয়ে পড়েছেন। তিনি ধরেই নিয়েছেন এই প্রতিষ্ঠানে তাঁর পক্ষে চাকরি করা কঠিন হয়ে পড়ছে। শুধু নাহিদুল ইসলাম নন, এমন সমস্যা অনেকেরই হয়ে থাকে। আর এভাবেই অনেকে কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে আলাদা হয়ে পড়েন। এতে তাঁরা কখনো কখনো অফিস পলিটিকস বা রাজনীতিতেও জড়িয়ে পড়েন। যেখানে কাজের চেয়ে অন্যের সমালোচনা বা অন্যকে কোণঠাসা করার চেষ্টাই হয় বেশি। এমন অবস্থায় কী করতে পারেন, তা-ই জানাচ্ছেন এইচ আর কাইটসের ব্যবস্থাপনা পরিচালক সউদ বিন মাসুদ। আত্মোপলব্ধিআপনি অফিসের প্রধান কিংবা সাধারণ কর্মকর্তা হোন, সেটা কোনো বিষয় নয়। আগে ভাবতে হবে কর্মক্ষেত্রে আপনার নিজের যে কাজ, আপনি নিজে তার কতটা করে থাকেন। যদি দেখেন, আপনার মোট কাজের ৬০ ভাগ আপনি অন্যের ওপর নির্ভরশীল, তাহলে তা আপনার জন্য সুখকর বিষয় নয়। আর এই অন্যের ওপর নির্ভরতা কমিয়ে আনতে আপনার নিজের প্রচেষ্টা থাকতে হবে। আর যার কাছ থেকে সাহায্যটা নিচ্ছেন, তাঁকে শনাক্ত করে নিয়ে কৃতজ্ঞ থাকতে হবে।তাহলেই আপনার অর্জন কর্মক্ষেত্রে আপনার মর্যাদা বাড়াতে পারে।পরিকল্পনা করে কাজ করুনযেকোনো কাজের জন্য সাধারণত ৬০ ভাগ সময় থাকে। তবে এই সময়টা আপনাকে বের করে নিতে হবে নিজের প্রচেষ্টায়। কাজটার জন্য আপনি তাড়াহুড়া না করে বুঝে নিয়ে এরপর কাজ করুন। এতে দেখবেন, আপনার কাজ দ্রুত সফলভাবে শেষ হয়ে গেছে। আর আপনার নিজের ওপর চাপও কমে যাবে পরিকল্পনা করে কাজ করায়।সবজান্তা নয়, সমৃদ্ধ হোনকর্মক্ষেত্রে সবজান্তা হয়ে কাজ করা যায় না, বরং নিজেকে সমৃদ্ধ করতে শিখুন। মনে রাখবেন, কেউ-ই সব বিষয়ে সমান পারদর্শী হয় না। অফিসের প্রধান ব্যক্তিরও অনেক সময়ে অন্যদের কাছ থেকে শিখতে হয়। তাই যাঁর কাছ থেকে শিখছেন, তাঁকে কৃতজ্ঞতা প্রকাশ আপনাকে বড় করে তুলতে পারে। এতে সবার সঙ্গেই আপনার সুসম্পর্ক বজায় থাকবে।নিজেকে উন্মুক্ত করুনছোটবেলা থেকে অনেকেই নিজেকে একটু গুটিয়ে রাখেন। আর এভাবেই কম কথা বলা বা চুপচাপ থাকার অভ্যাস গড়ে ওঠে। এটা পারিবারিক নানা কারণে হতে পারে। হতে পারে পরিবেশ বা এর আশপাশের সমাজের কারণে। যে অভ্যাস তাঁর কর্মজীবনে আসার পরও থেকে যায় এবং তখন কী করবেন বুঝে উঠতে না পেরে হতাশ হয়ে পড়েন। আসলে হতাশা নয়, এখানে প্রয়োজন সহযোগিতা। নিজেকে নিজের সহযোগিতা, পরিবার বা সহকর্মীর সহযোগিতা। যার মাধ্যমে ব্যক্তিটি নতুনভাবে নিজেকে আবিষ্কার করে কর্মক্ষেত্রে সফল হয়ে উঠতে পারে। আর কর্মক্ষেত্রে সবাই হয়ে উঠবে বন্ধুসম।ভালো কাজের অভ্যাসকর্মক্ষেত্রে যে ভালো করছেন তাঁকে প্রশংসা করুন। আপনার নিজের ব্যবহার সহকর্মীর কাছে আপনার ভাবমূর্তি বাড়িয়ে তুলতে পারে। আপনার পারিবারিক অনেক চাপ আপনার ওপর থাকতে পারে, তাই বলে তা যেন কর্মক্ষেত্রে প্রকাশ না পায়। এতে করে আপনার সহকর্মী বা আশপাশের লোকজন মন খারাপ করতে পারে। আবার যদি কেউ এমন ব্যবহার করেই ফেলেন, তাহলে সহকর্মীকে বুঝতে হবে তাঁর মনোভাব। কোনো মানুষই জেনে-বুঝে ভুল করে না। সহকর্মীর সহায়তা আপনার জীবনে অনেক প্রভাব ফেলতে পারে। প্রধানেরও ভুল হতে পারে। প্রধান কিন্তু অনেকটা একাকী ব্যক্তি। তাই তাঁকে বুঝে নিয়ে কাজ করতে হবে।শিখুন ভুল থেকেঅতিরিক্ত আত্মবিশ্বাস বা কম আত্মবিশ্বাস থেকে কাজে ভুল হতে পারে। এতে মন খারাপ না করে শিখে নিন। কারণ, মানুষ ভুল থেকে অনেক বেশি শেখার সুযোগ পায়। আর এই সুযোগটা গ্রহণ করে কাজে লাগাতে পারলেই আপনি সফল হবেন। তবে একই ভুল বারবার করলে সেটা কিন্তু নিজের জন্য ভালো নয়। কর্মক্ষেত্রে একে অন্যের ভুল বন্ধুসুলভ আচরণে ধরিয়ে দিলে এবং অপরজন তা ভালোভাবে গ্রহণ করলে কর্মক্ষেত্র কোন্দলমুক্ত হতে পারে।