কর্মক্ষেত্রে পাঁচটি মারাত্মক ভুল
সুপার হিরোরা ভুল করে না। সমস্যা হলো, আমি বা আপনি কেউই সুপার হিরো নই। কর্মক্ষেত্রে তাই আমরা সবাই কমবেশি ভুল করি। ইচ্ছায় হোক আর অনিচ্ছাতেই হোক, কর্মক্ষেত্রের ভুল আমাদের আঘাত করে, যার প্রভাব পড়তে পারে আমাদের কাজে, আমাদের বস বা সহকর্মীর মূল্যায়নে কিংবা শুধুই আমাদের মানসিক অবস্থা বা আত্মবিশ্বাসে। এই সবকিছুরই প্রভাব থেকে আমি বা আপনি কেউই মুক্ত নই।বাস্তব অভিজ্ঞতা থেকে এ ধরনের পাঁচটি ভুল এখানে আলোচনা করা হলো, যেসব এড়িয়ে চলা সম্ভব।১. তথ্যের অপব্যবহারআমাদের বেশির ভাগ কাজই কিন্তু তথ্যের ওপর ভিত্তি করে হয়। হোক সেটা কোনো বিক্রয়সংক্রান্ত কিংবা কোনো গ্রাহকের তথ্য। আমি এক কর্মজীবীকে চিনতাম, যিনি একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। তিনি সেই প্রতিষ্ঠানের সব গ্রাহকের নাম, ঠিকানা ও ছবি দেখতে পারতেন। একবার তাঁর এক বন্ধুর অনুরোধে তিনি একজন গ্রাহকের ঠিকানা কোনো অনুমতি ছাড়াই দেখেন।সেই ঠিকানা দিয়ে দেন বন্ধুকে।এরপর সেই গ্রাহকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ঘটনার তদন্ত হয় প্রতিষ্ঠানে। পরিণতিতে তদন্ত প্রতিবেদন প্রকাশের ঘণ্টা খানেকের মধ্যে ওই কর্মী চাকরি হারান। হয়তো তিনি সরলমনেই বন্ধুর অনুরোধ রেখেছিলেন। কিন্তু তিনি এটা বুঝতে ভুলে গিয়েছিলেন যে প্রতিষ্ঠানের তথ্য প্রতিষ্ঠানের সম্পদ।একই সঙ্গে গ্রাহক বা ক্রেতার তথ্য সংরক্ষণ ও তার গোপনীয়তা রক্ষা করা একটি দায়বদ্ধতাও বটে, যা সংরক্ষণের দায়িত্ব বর্তেছে প্রতিষ্ঠানের এবং সব কর্মীর ওপর। আর যাঁরা এই দায়িত্ব পালনে ব্যর্থ, তাঁদের প্রতি প্রতিষ্ঠানের সদয় হওয়া বা ক্ষমা করার কোনো কারণ নেই। গ্রাহকের তথ্য ছাড়াও যেকোনো ধরনের পরিকল্পনা, বিক্রয়, আয়, ব্যয়, মুনাফা, মানবসম্পদ কিংবা প্রযুক্তিসংক্রান্ত তথ্যের শুধু সংগত ও প্রয়োজনমাফিক ব্যবহার হতে হবে। প্রতিটি তথ্য ব্যবহারের যথাযথ পদ্ধতি মেনে সংশ্লিষ্ট ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমেই যেকোনো তথ্যের প্রচার ও ব্যবহার হওয়া উচিত।২. বিতর্কিত ব্যক্তির সংস্পর্শধরা যাক, জনাব ‘ক’ এবং জনাব ‘খ’ বাল্যবন্ধু। ‘ক’ পড়াশোনার পর্ব চুকিয়ে চাকরিতে, আর ‘খ’ পরিস্থিতির চাপে সন্ত্রাসী কাজে জড়িত। এখন পেশাগতভাবে ‘ক’ যদি ‘খ’কে কোনোভাবে জড়িত করে, তবে ‘ক’-এর জন্য তা যেকোনো সময় ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ, ‘খ’-এর যেকোনো অপরাধের সঙ্গে ‘ক’-এর সংশ্লিষ্টতা প্রমাণসাপেক্ষ হলেও এটি তাঁর নির্দোষিতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।যেকোনো ধরনের অপরাধচক্রের সঙ্গে সংশ্লিষ্টতাও সমানভাবে বিপজ্জনক।৩. অতিরিক্ত আবেগমানুষ আবেগপ্রবণ। কিন্তু আজকের এই কঠিন পেশাগত জীবনে অতিরিক্ত আবেগপ্রবণতা অর্থাৎ রাগ, ক্ষোভ কিংবা রোমান্সের অতি প্রকাশ একজন ব্যক্তির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তার অর্থ এই নয় যে সবাইকে পুরোপুরি আবেগহীন হয়ে যেতে হবে। পরিমিত আবেগের প্রকাশ অনেক ক্ষেত্রেই কিন্তু জরুরি। আপনার পরিস্থিতি ও ব্যক্তিত্ব অনুযায়ী এই পরিমিত আবেগের সংজ্ঞা ও সীমানা আপনাকেই তৈরি করতে হবে। ৪. কাজ বা ভুলের অস্বচ্ছতাযেকোনো কাজেই ভুল হওয়াটা অস্বাভাবিক নয়। আবার কাজের বাধা, যা পরিকল্পনা করার সময় দেখা যায়নি, তা হঠাৎ করেই কাজকে বাধাগ্রস্ত করতে পারে। এ দুটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট সবাইকে অবহিত করাটা অত্যন্ত জরুরি। শুরুতেই যদি স্বচ্ছতা প্রদান করা না হয়, তবে পরে এ সমস্যা বাড়তে পারে। আর যদি স্বচ্ছতা থাকে, সংশ্লিষ্ট সবার পরামর্শে হয়তো সমস্যাটা থাকবে না। সমস্যা নিয়ে অন্যদের পরামর্শ নিন। ৫. অনিয়মের ফাঁদে পাসব কাজের সঙ্গেই থাকে অনিয়ম আর লোভের হাতছানি। কাজের মাত্রা অনুযায়ী ব্যাপ্তি কেবল কম আর বেশি। এই লোভ থেকে দূরে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ অনিয়মের মাধ্যমে যে সুবিধা আপনি নেবেন, তা একসময় অসুবিধা হয়ে যেতে পারে। অনেকে হয়তো নিজের মেয়াদ শেষ করতে পারবেন, তবে ভবিষ্যতে সত্যটা বের হওয়ার সম্ভাবনাও অনেক। আপনার অনিয়মের প্রতিক্রিয়া হয় আপনাকে বা অন্য কাউকে নিতে হবে, যা কারও জন্যই সুখকর হবে না। লোভ মানবীয় আর সবাই দ্রুত সফল হতে চায়। মানুষের চাওয়া যেমন অন্তহীন, তেমনই সফল হওয়ার সুযোগ আর সম্ভাবনাও ব্যাপক। তাই সফল হতে চাইলে বিকল্প সম্ভাবনা বের করাটা বেশি কঠিন নয়। লেখক: একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা