কর্মচারী নিয়োগের উত্তরপত্র রমনা থানায় বন্দী!
প্রায় আড়াই মাস ধরে রাজধানীর রমনা থানায় সিলগালা করে রাখা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমএলএসএস পদে ৫৩৯ জন নিয়োগের জন্য লিখিত পরীক্ষার উত্তরপত্র। একই সঙ্গে ওই পদে নিয়োগের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, তার প্রধানকেও ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। এসব নিয়োগের বিষয়টি যিনি দেখাশোনা করতেন, সেই প্রশাসনিক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে অন্য মন্ত্রণালয়ে। বিষয়টি রহস্যজনক বলে মন্তব্য করেছে সংশ্লিষ্ট সূত্র।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এ নিয়োগ-প্রক্রিয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিব কেউই কিছু জানতেন না। সে সময়কার দায়িত্বরত যুগ্ম সচিব (প্রশাসন) মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে গোপনে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে চেয়েছিলেন। পরীক্ষার দিন বিষয়টি জানাজানি হলে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে এ সিদ্ধান্ত নেন। জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘জনস্বার্থে আমরা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু পুরো বিষয়টি এখন বলতে চাই না। নিয়োগ কমিটিই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, কোনো অনিয়মের জন্য এসব খাতা থানায় পাঠানো হয়নি। নিরাপত্তার জন্য থানায় রাখা হয়েছে। শিগগিরই বিষয়টি সুরাহা করা হবে বলে জানান তিনি।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমএলএসএস পদে নিয়োগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৮৭৪টি আবেদন জমা পড়ে। ওই পরীক্ষায় ৫৩৯ জন প্রার্থী অংশ নেন। কিন্তু ৩০ নম্বরের লিখিত পরীক্ষার উত্তরপত্রগুলো আজও মূল্যায়ন করা সম্ভব হয়নি।সূত্র জানায়, ৬ মার্চ লিখিত পরীক্ষার পর ওই দিনই সিলগালা করে সব উত্তরপত্র সংরক্ষণের জন্য রমনা থানা হেফাজতে পাঠানো হয়। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগ থেকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, ৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটটি এমএলএসএসের শূন্য পদ পূরণের জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়। চিঠিতে অমূল্যায়নকৃত এসব উত্তরপত্র একটি ট্রাংকে সিলগালা করে থানা হেফাজতে যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। চিঠিটি সই করেন জ্যেষ্ঠ সহকারী সচিব (প্রশাসন) সাঈদ মাহমুদ বেলাল হায়দার। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। জানা গেছে, ৬ মার্চ লিখিত উত্তরপত্র সিলগালা করে থানায় পাঠানোর চার দিন পর ১১ মার্চ কমিটির প্রধান এস এম মনিরুল ইসলামকে ওএসডি করা হয়। জানতে চাইলে মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি কমিটির প্রধান ছিলাম। আমার নেতৃত্বে পরীক্ষা সঠিকভাবে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কেন আমাকে ওএসডি করা হয়েছে বা উত্তরপত্র কেন সিলগালা করে রাখা হয়েছে, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।’সূত্র জানায়, এমএলএসএস পদে নিয়োগ নিয়ে বাণিজ্য চলছিল। এমএলএসএস পদে নিয়োগ পেতে নিয়োগ কমিটিকে দুই থেকে পাঁচ লাখ টাকা দেওয়ার কথাও রটে যায়। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার আত্মীয়স্বজনও এ পদে নিয়োগ পেতে তদবির করেন।সে সময়কার দায়িত্বরত যুগ্ম সচিব (প্রশাসন) বজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নিয়োগ-প্রক্রিয়ার সঙ্গে আমি সরাসরি জড়িত ছিলাম না। নিয়োগ কমিটি ছিল। তাদেরই দায়িত্ব ছিল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো। তিনি ৬ মার্চের পরীক্ষার দিনের ঘটনা উল্লেখ করে বলেন, পরীক্ষা শেষ হওয়ার পর ৫৩৯টি খাতা নিরাপদে রাখতেই থানায় রাখার কথা বলা হয়েছিল। নিয়োগ-বাণিজ্য হওয়ার আশঙ্কায় এসব খাতা মন্ত্রণালয়ে রাখা নিরাপদ ছিল না বলে থানায় পাঠানো হয়েছিল। কিন্তু থানা থেকে উত্তরপত্র ফিরিয়ে আনার ব্যাপারে আমি বারবার চেষ্টা করে ব্যর্থ হই। শেষ পর্যন্ত আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদলি করে খাদ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু সেখানেও আমার যোগদানপত্র গ্রহণ করা হয়নি।’ তিনি বলেন, ২৫ বছরের চাকরি জীবনে তিনি কখনো এভাবে উত্তরপত্র সিলগালা করে থানায় রাখতে দেখেননি।