কর্মচারীকে থাপড় মেরে বীরত্ব দেখালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া রাষ্ট্রীয় খরচে ৫৬টি দেশ সফর করেছেন। বিনিয়োগ তেমন কিছুই হয়নি। বরং তিনি তাঁর মেয়ে ও আত্মীয়স্বজনের নামে ঢাকা শহরে ছয়টি প্লট নিয়েছেন। এ রকম দুর্নীতিবাজদের নিয়ে প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।আজ শনিবার যশোর শহরের চৌরাস্তা মোড়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সমাবেশে তরিকুল ইসলাম এসব কথা বলেন। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে তরিকুল ইসলাম বলেন, ‘রেলের কালো বিড়ালের দুর্নীতির বিষয়ে কিছুই করতে পারলেন না। অথচ একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে থাপড় মেরে বীরত্ব দেখালেন।’তরিকুল ইসলাম বলেন, বিদ্যুত্ খাত থেকে সরকারের মন্ত্রী-সাংসদেরা ৪০ হাজার কোটি টাকা লুট করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এই সাবেক মন্ত্রী বলেন, ‘রায় হবে এ দেশের গণমানুষের আদালতে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’ বিএনপির এ নেতা বলেন, ‘দেশের সব বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে শোচনীয় অবস্থা বিরাজ করছে। ছাত্রলীগ সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস জ্বালিয়ে দিল, শিক্ষামন্ত্রী সেখানে গিয়ে মেয়েমানুষের মতো চোখের জল ফেলে এলেন। অথচ ছাত্রলীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না।’শহরের ব্যস্ততম এম কে সড়ক বন্ধ করে চৌরাস্তা মোড়ে সমাবেশ করায় বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ জন্য মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে।এম কে সড়কের চিত্রা মোড়, রবীন্দ্রনাথ সড়কের বস্তাপট্টি মোড়, রেলসড়কের সোনালী ব্যাংক করপোরেট শাখা মোড় ও সোনাপট্টি সড়কের কোতোয়ালি থানার মোড়ে ব্যারিকেড দিয়ে সমাবেশস্থল সংরক্ষিত করা হয়। ফলে মানুষকে শহরের এম এম আলী সড়ক ঘুরে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতে হয়েছে। এ ব্যাপারে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক প্রথম আলো ডটকমকে বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠি দিয়ে এ বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, সমাবেশে ৩০ থেকে ৩৫ হাজার মানুষের সমাবেশ ঘটেছে, যার জন্য মানুষের চাপে যানবাহন চলাচলে কিছুটা অসুবিধা হয়েছে। এর পরে এ রকম বড় সমাবেশ কোনো মাঠে করা হবে বলে তিনি জানান। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক খুলনার সাংসদ নজরুল ইসলাম, বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা নুরুল ইসলাম, জামায়াতের নেতা গোলাম পারওয়ার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।