ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) বিভক্ত করা নিয়ে গতকাল বৃহস্পতিবার নগর ভবনে পক্ষে-বিপক্ষের কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।ঢাকা সিটি করপোরেশন কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ বিভক্তির প্রতিবাদে এবং সরকার-সমর্থক সিটি করপোরেশন শ্রমিক-কর্মচারী লীগ সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল-সমাবেশ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুর ১২টার দিকে নগর ভবনের শ্রমিক-কর্মচারী লীগ বিভক্তির জন্য সরকারকে অভিনন্দন জানিয়ে ভবনের বারান্দায় মিছিল বের করে। মিছিল শেষে তারা নগর ভবনের দ্বিতীয় তলায় নিয়ন্ত্রণ কক্ষের সামনে সমাবেশ শুরু করে। এ সময় বিভক্তির প্রতিবাদে কর্মচারীদের আরেকটি পক্ষ বিক্ষোভ মিছিল বের করে। তারা সরকার-সমর্থকদের ‘দালাল’ হিসেবে অভিযুক্ত করে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে বিভক্তির বিরোধিতাকারীরা শ্রমিক-কর্মচারী লীগের সমাবেশ হামলা চালায়। তারা শ্রমিক লীগের নেতা মো. ইব্রাহিমসহ কয়েকজনকে মারধর করে। এর পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিভক্তির প্রতিবাদকারীরা শ্রমিক লীগের কর্মচারীদের হটিয়ে সমাবেশের স্থানটি দখল করে নিয়ে বিক্ষোভ শুরু করে।পরে পুলিশ এলে শ্রমিক লীগের কর্মচারীরা বিভক্তির প্রতিবাদকারীদের ধাওয়া করেন। এ সময় প্রতিবাদকারী পক্ষের কয়েকজন আহত হন। দুই পক্ষের মারমুখী অবস্থান ও ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো নগর ভবনে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ একপর্যায়ে নতুন করে সংঘর্ষ ঠেকাতে ডিসিসির বিভক্তির বিরুদ্ধে অবস্থানকারীদের ধাওয়া দেয়। এ সময় শ্রমিক-কর্মচারী লীগের সদস্যরাও প্রতিপক্ষের ওপর হামলা চালান। শ্রমিক-কর্মচারী লীগের আক্রমণের মুখে টিকতে না পেরে এক সময় প্রতিপক্ষ নগর ভবন ছেড়ে চলে যায়। দুইটা নাগাদ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।ঘটনা নিয়ে দুই পক্ষই পরস্পরকে দায়ী করেছে। ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, কয়েক দিনের মতো গতকালও তাঁরা ডিসিসি ভাগের প্রতিবাদ জানাতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলার সময় শ্রমিক-কর্মচারী লীগের কর্মীরা তাঁদের ওপর হামলা চালান ও মারধর করেন।এ অভিযোগ অস্বীকার করে শ্রমিক-কর্মচারী লীগের একাংশের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ডিসিসিকে দুই ভাগ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাঁদের সংগঠন নগর ভবনের বারান্দায় মিছিল বের করে। মিছিল শেষে আয়োজিত সমাবেশ শুরু হতেই কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ হামলা চালায়। এতে তাঁদের ১১ কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন মিজানুর রহমান। শ্রমিক লীগের নেতারা তাঁদের ওপর হামলাকারীদের বিএনপি-সমর্থক বলে দাবি করেন।রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার এস এম শিবলী নোমান প্রথম আলোকে বলেন, ঢাকা বিভক্তির পক্ষে-বিপক্ষে মিছিল হচ্ছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করা হয়নি। এ ব্যাপারে থানায় কোনো মামলাও হয়নি।এর আগে গত রোববার ডিসিসি বিভক্তির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৩০ জন আহত হন।