বিকেল সাড়ে চারটার দিকে মতিঝিলের সরকারি কর্মচারীদের বাস রাখার ডিপোর সামনে দাঁড়ানোই কঠিন হয়ে যেত। পৌনে পাঁচটা বাজতেই একের পর এক বাস সরকারি বিভিন্ন দপ্তরের উদ্দেশে বের হয়ে যেত। মতিঝিল এলাকার সরকারি কর্মচারীদের অনেকে ডিপোতে এসেও বাসে উঠতেন। ফলে সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত পুরো এলাকা সরগরম থাকত। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে ওই ডিপোটিতে গিয়ে দেখা গেল সুনসান নীরবতা। ভেতরে ঢুকতেই পাওয়া গেল পোড়া উৎকট গন্ধ। ডিপোর ভেতরে সারি সারি পোড়া, ভাঙচুর করা বাস। প্রায় প্রতিটির সামনের ও দুই পাশের কাচ ভাঙা। ভাঙা কাচের টুকরা যত্রতত্র পড়ে আছে। ডিপোর কয়েকজন কর্মচারী অলস ভঙ্গিতে বসে আছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত রোববার হেফাজতে ইসলাম, জায়ামাতে ইসলামী ও বিএনপির কর্মীরা ৫৩টি বাস পুড়িয়ে, গুঁড়িয়ে দেন। পোড়া ২৮টির মধ্যে নয়টি আর ঠিক করার সুযোগ নেই। গুঁড়িয়ে দেওয়া হয় আরও ২৫টি বাস। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের আওতায় মোট ৬১টি নিজস্ব বাস ও ১১টি ভাড়া করা বাস রয়েছে। এর মধ্যে ৫৩টি বাস মতিঝিলের ডিপোতে ছিল ও আটটি কর্মচারীদের পৌঁছে দিয়ে আর ফিরতে পারেনি। সেগুলোই রক্ষা পেয়েছে। আর ভাড়া বাসগুলো অন্যত্র রাখা হয়। এই বাসগুলোতে প্রতিদিন প্রায় সাত হাজার সরকারি কর্মকর্তা ও কর্মচারী যাতায়াত করতেন। এসব কর্মচারীকে এখন সাধারণ বাসে যাতায়াত করতে হচ্ছে। ঘটনাস্থলেই পাওয়া গেল ঘটনা তদন্তে আসা পরিদর্শক দলের সদস্যদের। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রইছ-উল-আলম মণ্ডলের নেতৃত্বে পাঁচ সদস্যের দলটি গতকাল দুপুরের পর থেকে প্রতিটি বাস খুঁটিয়ে খুঁটিয়ে তদন্ত করেছেন। কবে এই বাসগুলোকে চলাচলের উপযোগী করা যাবে, তা এখনো নিশ্চিত করে বলতে পারেননি কেউ। রইছ-উল-আলম মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ৫৩টি বাস ক্ষতিগ্রস্ত অবস্থায় পেয়েছি। এর মধ্যে ২৮টি পোড়ানো ও বাকিগুলোর গ্লাস ভাঙা ও চাকা অকার্যকর করে দেওয়া হয়েছে।’ যত দ্রুত সম্ভব এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি কর্মচারীদের যাতায়াতের একমাত্র বাহন এই বাসগুলো ঠিক করার আগে অন্য কোনো বাস দেওয়া হবে কি না, তাও নিশ্চিত করা হয়নি। এই বাসগুলোতে সরকারের তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারীরা যাতায়াত করতেন। ডিপোতে উপস্থিত কয়েকজন সরকারি কর্মচারী আক্ষেপের সুরে বললেন, এখন সাধারণ পরিবহনে যাতায়াত করতে তাঁদের বাড়তি খরচ হচ্ছে। সময়মতো অফিসে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড সূত্রে জানা গেছে, প্রতিদিন রাজধানীর ৮০টি এলাকা থেকে এই বাসগুলোতে করে সরকারি কর্মচারীরা যাতায়াত করতেন। সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে বাসগুলো সংশ্লিষ্ট কার্যালয়ে তাঁদের নামিয়ে দিত। এ ছাড়া ঢাকা শহরের বাইরে সাভার, ধামরাই, নবীনগর, নরসিংদী ও গাজীপুর থেকেও এসব বাসে করে সরকারি কর্মচারীরা যাতায়াত করতেন। বোর্ডের মহাপরিচালক আলী মোস্তফা চৌধুরী প্রথম আলোকে বলেন, ক্ষয়ক্ষতি নির্ধারণ করে এ নিয়ে মামলা করা হবে। কর্মচারীদের জন্য যত দ্রুত সম্ভব বাস দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।