চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পাঁচটি ভবনই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসন, মেডিকেল ও গণপূর্ত বিভাগ ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করে তা থেকে লোকজনকে সরে যাওয়ার নোটিশ দেয়। নগরের গোয়াছিবাগান এলাকায় অবস্থিত এই ভবনগুলোর একটির বারান্দা গত রোববার ধসে পড়ার পর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গণপূর্ত দপ্তর এই পাঁচটি ভবনকে ২০১২ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও চার শতাধিক বাসিন্দাকে সরানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।দুর্ঘটনার পর সবকটি ভবনের বাসিন্দাদের বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ। কিন্তু এ জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি। গতকাল মেডিকেল কর্তৃপক্ষ জেলা প্রশাসন ও গণপূর্ত অধিদপ্তরের লোকজনসহ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তারা বৈঠকে বসে ভবনগুলোকে পরিত্যক্ত ঘোষণা করে লোকজনকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। জানতে চাইলে গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবু তাহের বলেন, ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘আপাতত তারা নিজ উদ্যোগে সরে যাক।’ এদিকে গতকাল ফায়ার সার্ভিসের কর্মীরা ধসে পড়া ভবন থেকে বাসিন্দাদের আসবাব নিজ উদ্যোগে বের করে নিয়ে যেতে সাহায্য করেছেন। এ সময় ফায়ার সার্ভিসের লোকজন অন্যান্য ভবনের বাসিন্দাদের দ্রুত ভবন থেকে সরে যেতে মাইকিং করেছেন।