কর্মচারীদের বরখাস্ত ও বদলি করলেন ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে টিকিট কালোবাজারির অভিযোগের প্রমাণ পেয়ে কর্মরত সব বুকিং সহকারীকে অন্যত্র বদলি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনি রেলওয়ের দুই কর্মচারীকে বরখাস্ত করেন। আজ বৃহস্পতিবার এক ঝটিকা সফরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী বলেন, সাধারণ যাত্রীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে টিকিট বিক্রিতে অতিরিক্ত টাকা আদায় এবং টিকিট থাকার পরও ‘টিকিট নেই’ বলে লিখিত কাগজ টাঙিয়ে টিকেট কালোবাজারি করার প্রমাণ তিনি পেয়েছেন। তাই শাস্তি হিসেবে এ নির্দেশ দেওয়া হয়েছে। খবর বাসসের। বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন, রেলওয়ের নিরাপত্তা প্রহরী বোরহান উদ্দিন ও ঢাকা-চট্টগ্রাম রুটের তূর্ণা নিশীথা ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের পরিচালক (এসি অপারেটর) মালেক। ওবায়দুল কাদের বলেন, রমজান ও ঈদ সামনে রেখে যাত্রীদের হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না। এ সময়ে তিনি বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অজুহাতে ট্রেন দেরিতে ছাড়া ও পৌঁছানো বন্ধ করতে হবে।এ সময় স্টেশনের কর্মকর্তারা আজকের ট্রেনের নিয়মানুবর্তিতা ৮৮ শতাংশ বলে মন্ত্রীকে জানান। তিনি এ সময়সূচিকে ১০০ শতাংশে উন্নীত করার জন্য চেষ্টা চালাতে কর্মকর্তাদের নির্দেশ দেন।মন্ত্রী এ সময় ঢাকা-চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের পরিবর্তিত সময় চারটা ৪০ মিনিটের বদলে আগামীকাল শুক্রবার থেকেই আগের নির্ধারিত সময় সাড়ে তিনটা থেকে ছাড়ার নির্দেশ দেন।