কর্মচারীর সংকটের কারণে চট্টগ্রামের পাঁচটি কলেজ বেসরকারিভাবে প্রায় ২২১ জন কর্মচারী নিয়োগ দিয়েছে। আর এসব কর্মচারীর বেতন-ভাতা চলে শিক্ষার্থীদের টাকায়। কলেজগুলো নানা খাতে ফি বাড়িয়ে শিক্ষার্থীদের কাছ থেকে এই টাকা আদায় করে। এ জন্য প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি শিক্ষাবর্ষে ২০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বাড়তি ফি দিতে হচ্ছে।পাঁচটি কলেজ হচ্ছে: চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহম্মদ মুহসীন কলেজ, সরকারি সিটি কলেজ, মহিলা কলেজ ও কমার্স কলেজ। এর মধ্যে চট্টগ্রাম কলেজে ৬৪ জন, মুহসীন কলেজে ৫৪ জন, সিটি কলেজে ৪০ জন, মহিলা কলেজে ৪৮ জন এবং কমার্স কলেজে ২৩ জন কর্মচারী রয়েছেন। কর্মচারীদের পাশাপাশি শিক্ষকের সংকট মেটাতে এসব কলেজে বেসরকারি খাতে ৩০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। মাসে তাঁদের সবার বেতন দাঁড়ায় প্রায় আট লাখ টাকা।কলেজ সূত্রে জানা গেছে, বেসরকারি কর্মচারী ও শিক্ষকদের বেতন খাতে সরকারি কোনো বরাদ্দ নেই। এ কারণে ওই পাঁচ সরকারি কলেজ প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি ফি, পরীক্ষা ফিসহ নানা খাতে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিপত্রের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করে ব্যয় মেটায়।সিটি কলেজের অধ্যক্ষ হরিবল চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘বেসরকারি কর্মচারী ও শিক্ষক নিয়োগ খাতে সরকারি কোনো বরাদ্দ নেই। তাই বিভিন্ন পরীক্ষার ফরম পূরণ ফি সামান্য বাড়িয়ে এই অর্থ আদায় করা হয়।’ তিনি জানান, কলেজে বেসরকারি খাতে ৪০ জন কর্মচারী আছেন। তাঁদের মাসে মোট বেতন আসে দেড় লাখ টাকা। এই কলেজে পড়ছে প্রায় ১০ হাজার শিক্ষার্থী।জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক পরিপত্রে বাংলা, ইংরেজিসহ বিভিন্ন বিষয়ের ফি ধার্য করা হয় এক হাজার ৩০০ টাকা। আর বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর জন্য এই ফি এক হাজার ৬০০ টাকা। চট্টগ্রামের তিনটি সরকারি কলেজ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে নির্ধারিত ফির চেয়ে ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বাড়িয়ে নিচ্ছে। সিটি কলেজে ৮০০ শিক্ষার্থীর কাছ থেকে বাড়তি ২২০ টাকা এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে ৮০০ শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। কমার্স কলেজ এখনো ফরম পূরণ ফি নির্ধারণ করেনি। আবার জাতীয় বিশ্ববিদ্যালয় মানোন্নয়ন ফি নির্ধারণ করেছে ৫০০ টাকা। মহিলা কলেজ এই খাতে ফি নিচ্ছে ৯০০ টাকা।এর আগে গত জুলাইয়ে স্নাতক প্রথম বর্ষের ফরম ফি বাবদ মহিলা কলেজ শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা বাড়তি নিয়েছিল। এ ছাড়া সব বিষয়ের মানোন্নয়ন ফি ৫০০ টাকা নির্ধারিত থাকলেও এখানে এক পত্রের জন্য এক হাজার ১০০ টাকা, দুই পত্রের জন্য এক হাজার ২৫০ টাকা এবং তিন পত্রের জন্য এক হাজার ৪০০ টাকা আদায় করা হয়েছিল।চট্টগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মোনায়েম বলেন, ‘কিছু টাকা বেশি না নিলে কলেজের পরিচালন-ব্যয় ও কর্মচারীদের বেতন কীভাবে দেব? আমাদের কলেজে বেসরকারি খাতে ৪৮ জন কর্মচারী আছেন। এর জন্য সরকারি কোনো বরাদ্দ নেই। তাঁদের প্রতি মাসে বেতন দিতে হয়। এ খাতে মাসে খরচ হয় প্রায় দেড় লাখ টাকা।’চট্টগ্রাম কলেজে বেসরকারি খাতে কর্মচারী আছেন ৬৪ জন। এই কলেজে শিক্ষার্থী প্রায় ১৫ হাজার। কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রওশন আরা বলেন, ‘আমরা পরীক্ষায় কোনো বাড়তি ফি নিই না। ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে অন্যান্য খাতে কিছু টাকা বাড়িয়ে নেওয়া হয়।’হাজী মুহম্মদ মুহসীন কলেজের অধ্যক্ষ আবদুল গোফরান বলেন, ‘মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী নিজস্ব খাত থেকে অর্থ সংগ্রহ করে বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার কথা বলা হয়েছে। আমরা সেভাবেই শিক্ষার্থী ভর্তির সময় তাদের কাছ থেকে তা সংগ্রহ করি। কর্মচারীর সংকটের কারণে এই কলেজে ৫৪ জনকে বেসরকারি খাতে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মাসে মোট বেতন আসে দুই লাখ টাকা।’ এ ছাড়া সরকারি কমার্স কলেজে বেসরকারি খাতে ২৩ জন কর্মচারী ও শিক্ষক আছেন।