কোনো অফিস কর্তৃপক্ষ কর্তৃক কর্মচারীদের ব্যক্তিগত ই-মেইল দেখতে চাওয়া অন্যায়। এ বিষয় নিয়েই গত নভেম্বরে আমেরিকার অঙ্গরাজ্য নিউ জার্সির আপিল আদালত থেকে এসেছে নির্দেশনা। পরপর কয়েকটি এ সংক্রান্ত মামলায় একই ধরনের আদেশ এসেছে। এ নিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল খুব চমকপ্রদ প্রতিবেদন প্রকাশ করেছে গত নভেম্বরে। প্রতিবেদনে এ সংক্রান্ত কয়েকটি মামলার বিস্তারিত তুলে ধরা হয়।নিউ জার্সির কয়েকটি কোম্পানি দাবি করেছিল, কোম্পানির সব সম্পত্তির ওপর তাদের একচ্ছত্র অধিকার আছে। এমনকি তাদের নিয়োগকৃত কর্মচারীদের চাকরি-সংক্রান্ত কোনো ই-মেইল অনুসন্ধান করারও অধিকার আছে। কোম্পানিগুলো দাবি করে, চাকরি-সংক্রান্ত কোনো ই-মেইল আদান-প্রদানের যে কাজ তাঁদের করতে দেওয়া হয়, তা দেখতে কর্মচারীরা বাধ্য থাকবেন। কিন্তু বিচারকেরা এ ক্ষেত্রে কর্মচারীদের পক্ষেই আদেশ দিয়েছেন। আদালত বলেছেন, কর্মচারীরা অনিচ্ছাকৃত ব্যক্তিগত ই-মেইল দেখাতে বাধ্য নন। একটি স্বাস্থ্যসেবা কোম্পানির এক কর্মচারীর বিরুদ্ধে একটি অভিযোগ উত্থাপিত হয়। অভিযোগটি ছিল, তাঁকে একটি মামলার বিষয়ে একজন আইনজীবীকে ই-মেইল করতে বলা হয়েছিল। তিনি সত্যিকারে পাঠিয়েছেন কি না, তা কর্তৃপক্ষ দেখতে চায়। কিন্তু বাদ সাধেন ওই কর্মচারী। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত বলেন, ‘আমরা নিয়োগকর্তার অভিযোগ খারিজ করছি এ কারণে যে তাদের কোনো কর্মকর্তার ব্যক্তিগত ই-মেইল অনুসন্ধান করে দেখার অধিকার নেই।’একটি তথ্য ব্যবস্থাপনা কোম্পানির এক কর্মকর্তা ব্যক্তিগত ই-মেইলে ইনবক্স দেখার কারণে মামলা ঠুকে দেন তাঁর মনিবের বিরুদ্ধে। মনিবের সন্দেহ ছিল, ব্যবসা-সংক্রান্ত তথ্য তিনি ফাঁস করছেন। কিন্তু এ মামলায় কর্মকর্তার পক্ষেই আদেশ দিয়ে আদালত বলেন, কোনো নিয়োগকৃত কর্মকর্তার ই-মেইল দেখার অধিকার কোনো কর্তৃপক্ষের নেই। ইন্টারনেট অবলম্বনে তানজিম আল ইসলাম