কর্মচারীদের হামলায় ময়মনসিংহ নার্সিং কলেজের ৪৫ শিক্ষার্থী আহত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের হামলায় ময়মনসিংহ নার্সিং কলেজের ৪৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।আহত শিক্ষার্থীদের মধ্যে ২৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হাসপাতালের ৮, ১১ ও ১৯ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন।সিক রুম (অসুস্থদের জন্য বরাদ্দকৃত কক্ষ) দেওয়ার দাবিতে ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা হাসপাতাল পরিচালকের কক্ষের সামনে অবস্থান নেন। কক্ষের ভেতরে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বাকবিতণ্ডা হয়।এর একপর্যায়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা টেবিল, চেয়ার দিয়ে শিক্ষার্থীদের মারধর করেন।পরে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার বলেন, ঘটনাস্থলে কর্মচারীরা শিক্ষার্থীদের মারধর করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুলিশের একটি টহল দলকে হাসপাতালে মোতায়েন করা হয়েছে।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহজাহান বলেছেন, পরিকল্পিতভাবে একটি মহল এ ধরনের ঘটনা ঘটিয়েছে। শিক্ষার্থীদের জন্য সিক রুম বরাদ্দ হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিক রুমগুলো চিকিত্সকদের কাজে ব্যবহার করা হচ্ছে।এদিকে শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছেন, পুলিশের সামনেই কর্মচারীরা তাঁদের ওপর মারধর করেছেন। তাঁরা বেলা আড়াইটা পর্যন্ত হাসপাতালের পরিচালকের অপসারণের দাবিতে তাঁর কক্ষের সামনে অবস্থান নেন। পরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ শাখার নেতারা এ ঘটনার বিচারে সহযোগিতার আশ্বাস দেন। এতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি স্থগিত করেন।