কর্মচারীরা বেঁচে থাকতে গ্রামীণ ব্যাংক ১৯ টুকরা করতে পারবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ হাজার কর্মচারী বেঁচে থাকতে গ্রামীণ ব্যাংককে সরকার ১৯ টুকরা করতে পারবে না বলে হুঁশিয়ার করে দিয়েছে গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি।সমিতির সভাপতি শামসুল আলম বলেছেন, ‘এই ব্যাংক গরিবের হক। গরিবের হক কেড়ে নেওয়ার শক্তি কোনো সরকারের নেই। আমরা বেঁচে থাকতে আমাদের ব্যাংককে সরকারি ব্যাংক বানাতে পারবেন না, ১৯ টুকরা করতে পারবেন না।’মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনে আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে সমিতির পক্ষ থেকে এ কথা বলেছেন শামসুল আলম। এ সময় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘গরিবের এই ব্যাংক নিয়ে নগ্ন খেলা বন্ধ করুন।’শামসুল আলম বলেন, ‘গ্রামীণ ব্যাংকে প্রতিবছর বাংলাদেশ ব্যাংক থেকে অডিট হচ্ছে, রিভিউ হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কোনো অনিয়ম বের করতে পারেনি। সরকার পরিচালিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য তদন্ত কমিশন, রিভিউ কমিটি গঠন না করে আমাদের জন্য কেন করা হলো, সেটাও আমরা বুঝতে পারছি না।’গ্রামীণ ব্যাংক কমিশন তাদের প্রতিবেদন চূড়ান্ত করতে আগামী ২ জুলাই যে কর্মশালার আয়োজন করেছে সংবাদ সম্মেলনে তা বাতিল করার দাবি জানায় কর্মচারী সমিতি। অন্যথায় ওই দিন দেশের গ্রামীণ ব্যাংকের দুই হাজার ৫৫৫টি শাখা, ২৬৬টি এরিয়া কার্যালয়, ৪০টি জোনাল নিরীক্ষা কার্যালয়, ৪০টি জোনাল কার্যালয়, প্রধান কার্যালয় আর যেখানে যত কার্যালয় ও গাড়ি আছে সব জায়গায় কালো পতাকা ওড়াবেন তাঁরা।সংবাদ সম্মেলনে কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মহসিন রেজা, সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি সগীরুর রশীদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।