কর্মচারীশূন্য ঢাকা মেডিকেল, ভোগান্তি রোগীদের (ভিডিও)
ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার প্রতিবাদে মেডিকেলের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের লাগাতার আন্দোলন কর্মসূচি চলছেই। আন্দোলনের অংশ হিসেবে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তাঁরা। এদিকে কর্মচারীদের এ আন্দোলনে চরম বিপাকে পড়েছে চিকিত্সা নিতে আসা হাজার হাজার রোগী।সরকার ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের উদ্যোগ নেওয়ার পর থেকেই মেডিকেলের কর্মচারীরা এর প্রতিবাদ জানিয়ে আসছেন। এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করছেন তাঁরা।
ভিডিও: হাসান রাজা আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় মানববন্ধন শুরু হয়ে শেষ হয় বেলা একটায়। মেডিকেল সূত্রে জানা গেছে, মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে সকাল ১০টায় হাসপাতাল ত্যাগ করেন কর্মচারীরা। এতে কর্মচারীশূন্য হয়ে পড়ে হাসপাতাল। আর চরম বিপাকে পড়ে হাজার হাজার রোগী।বেলা ১১টায় ঢাকা মেডিকেল হাসপাতালে সরেজমিনে দেখা গেছে, সেখানে কোনো কর্মচারী নেই। জরুরি বিভাগেও কোনো কর্মচারীকে দেখা যায়নি। এ অবস্থায় রোগীর সঙ্গে আসা লোকজনই তাঁদের দেখভাল করছেন। রোগীদের ওঠানো-নামানো থেকে শুরু করে সব কাজ করতে গিয়ে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন রোগী বলেন, ‘তাঁরা আন্দোলন করুক, তাতে আমাদের সমস্যা নেই। কিন্তু আমাদের এত ভোগান্তি কেন।’ তিনি সরকারকে এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।