কর্মজীবনকে টা টা রতন টাটার
ভারতের অন্যতম ঐতিহ্যবাহী শিল্প গোষ্ঠী টাটা গ্রুপের সঙ্গে জীবনের অর্ধশত বছর কাটিয়ে আজ শুক্রবার অবসর নিচ্ছেন রতন টাটা। তিনি যখন অবসর নিচ্ছেন, তখন প্রতিষ্ঠানটির আয় ১০ হাজার কোটি ডলার ছড়িয়ে গেছে। ৭৫ বছর বয়সী এই শিল্পপতি জীবনের দুই-তৃতীয়াংশ সময় কাটিয়েছেন তিল তিল করে গড়ে তোলা নিজের প্রতিষ্ঠানের সঙ্গে। এর মধ্যে ১৯৯১ সাল থেকে ২১ বছর ধরে এই গোষ্ঠীর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। অবসরের পর প্রতিষ্ঠানটির সঙ্গে থাকবেন সম্মানসূচক ইমেরিটাস চেয়ারম্যান হিসেবে।সঠিক ব্যবসায়িক পরিকল্পনা, লক্ষ্যে অটুট থাকা, আত্মবিশ্বাস ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা—একজন মানুষকে যে সাফল্যেরে শিখরে নিয়ে যায়, এর বড় প্রমাণ রতন টাটা। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত টাটা গ্রুপকে তিনি যুগের উপযোগী একটি বৃহত্তর করপোরেট বাণিজ্যিক গ্রুপ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর হাত ধরে বিশ্বের অন্যতম প্রভাবশালী ও পরিচিত ব্র্যান্ডের তালিকায় নাম লিখিয়েছে টাটা গ্রুপ। ভারতের মধ্যে সীমাবদ্ধ আঞ্চলিক প্রতিষ্ঠানটির পণ্যকে তিনি নিয়ে গেছেন এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার অনেক দেশে। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, টাটা সাম্রাজ্যকে এমন এক অবস্থায় রেখে রতন টাটার সরে যাওয়া তাই প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তিনি উত্তরসূরি হিসেবে নির্বাচিত করেছেন ওই প্রতিষ্ঠানেরই কর্মী ৪৪ বছর বয়সী সাইরাস মিস্ত্রিকে। রতন টাটার উত্তরসূরিকে নিয়ে বিবিসি অনলাইনে ইউনিভার্সিটি অব এক্সিটার বিজনেস স্কুলের সেন্টার ফর লিডারশিপ স্টাডিজের ফেলো মর্গান উইটজেলের একটি বিশ্লেষণ লিখেছেন। এতে তিনি বলেন, রতন টাটা চেয়ারম্যান হিসেবে যোগ দিয়ে প্রথম যে কাজটি করেন, তা হলো টাটা গ্রুপের একটি ব্র্যান্ড মূল্য তৈরি করা। তিনি খুব সাফল্যের সঙ্গে কাজটি করতে পেরেছিলেন। এক প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের নামী-দামি ব্র্যান্ডের তালিকায় টাটা গ্রুপের অবস্থান ৪৫তম। এরপর তিনি একে একে টাটা বেভারেজ, টাটা স্টিল, টাটা মোটরস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টাটা পাওয়ার, টাটা কেমিকেলস, ইন্ডিয়ান হোটেলস ও টাটা টেলিসার্ভিসেস নিয়ে নতুন নতুন পরিকল্পনা ও কর্মকৌশল দিয়ে উন্নতির শিখরে নিয়ে যান। দেশের গণ্ডি ছাড়িয়ে টাটার সাফল্য ছড়িয়ে পড়ে বিশ্বের অনেক দেশে। একই পথে যদি তাঁর উত্তরসূরি সাইরাস মিস্ত্রি হাঁটতে না পারেন, তবে ঝামেলা হতে পারে বলে এই বিশ্লেষক মত দিয়েছেন। একই সঙ্গে তাঁর প্রত্যাশা, কাজ ও সাফল্যের ধরন দেখে রতন টাটা তাঁর উত্তরসূরি নির্বাচিত করেছেন। হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, টাটা গ্রুপের ২৮টি শিল্পে প্রায় তিন লাখ মানুষ কাজ করে। রতন টাটা শুধু বাণিজ্য বিস্তারই করেননি, কর্মীসহ সাধারণ মানুষের কল্যাণে প্রতিষ্ঠানটির সূচনালগ্ন যে কল্যাণ ভাবনা ছিল, তারও বিস্তার ঘটিয়েছেন। চিকিত্সা, বিজ্ঞান, গবেষণা, খেলাধুলা, সংস্কৃতিসহ নানা খাতে আরও ভালো কিছুর জন্য অর্থ দিয়ে থাকে টাটা গ্রুপ। টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জমশেদ টাটার দুই ছেলে হলেন স্যার দোরাব ও স্যার রতন টাটা। রতন ও তাঁর স্ত্রী নাবাজবাই নিঃসন্তান ছিলেন। তাঁরা এক দূর সম্পর্কের আত্মীয়ের সন্তান নাভাল টাটাকে দত্তক নিয়েছিলেন। নাভাল বিয়ে করেন সুনিকে। এ দম্পতি স্যার রতন টাটার নামে এক ছেলের নাম রাখেন রতন, জিমি তাঁদের আরেকটি সন্তান। রতনের বয়স যখন সাত বছর, তখন মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যায়। দুই ভাই বড় হন নানি বেগম নাবাজবাইয়ের কাছে। বোম্বের ক্যাম্পিয়ন স্কুলে শিক্ষাজীবন শুরু করেন রতন। এর পর শিমলার বিশপ কটন স্কুলে পড়েছেন। শেষ করেছেন ক্যাথেড্রাল অ্যান্ড জন কোনান স্কুল থেকে। ১৯৬২ সালে তিনি কর্নওয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক পাস করেন। ১৯৭৫ সালে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রামে পড়াশোনা শেষ করেন। ১৯৬২ সালে টাটা গ্রুপে যোগ দেন। শুরুতে তিনি টাটা স্টিলের কারখানায় বেলচা দিয়ে চুনাপাথর সরানো ও চুল্লি ঠিক রাখার কাজ করতেন। ১৯৭১ তিনি ন্যাশনাল রেডিও অ্যান্ড ইলেকট্রনিক্স কোম্পানির নির্বাহী পরিচালকের পদে যোগ দেন। ১৯৮১ সালে টাটা ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এত বড় একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কাজ করার কোনো পূর্ব অভিজ্ঞাতা ছিল না রতন টাটার। তাই নিন্দুকেরা এ সময় তাঁর সমালোচনা করতে থাকেন। তবে রতন টাটা অচিরেই তাদের মুখ বন্ধ করেন জাদুকরি সাফল্য দেখিয়ে। ১৯৯১ সালে টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান রতন। তাঁর সময়ই ভারতের কোম্পানি থেকে টাটা একটি বিশ্বজোড়া বাণিজ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পায়। এখন টাটার মোট আয়ের ৬৫ শতাংশই আসে দেশের বাইরে বাণিজ্য থেকে। তাঁর সময়ই টাটা মোটরস ইন্ডিকা ও ন্যানো নামের গাড়ি বাজারে ছাড়ে। ন্যানোকে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের গাড়ি বলা হয়। ২০০৯ সালে মাত্র দেড় লাখ রুপি মূল্যে গাড়িটি বাজারে ছাড়া হয়। কিন্তু বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার কারণে গাড়িটির বাজার কমে যায়। অনেকে টাটার ন্যানো প্রকল্প ব্যর্থ হয়েছে বলেলেও এটি মানতে রাজি নন রতন টাটা। ভারত সরকার ২০০৮ সালে রতন টাটাকে তাঁর অবদানের জন্য পদ্ম বিভূষণ পদকে ভূষিত করেন। ২০০৯ সালে রতন টাটাকে ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষ থেকে নাইট উপাধিতে ভূষিত করা হয়। দেশ ও বিদেশের অনেক বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছেন।