কর্মজীবী নারীরা বাধ্য হয়েই নীলক্ষেত হোস্টেলে আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেলে আসন আছে ৪৮২টি। বর্তমানে ৪৮২ কর্মজীবী নারীই সেখানে আছেন। তবে কর্তৃপক্ষ বলছে, ৯৮ জন নারী আছেন অবৈধভাবে। নিয়ম অনুযায়ী একজন কর্মজীবী নারী এই হোস্টেলে সর্বোচ্চ চার বছর থাকতে পারেন। ওই ৯৮ জনের পেছনে রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তি ও আমলাদের তদবির আছে বলে তাঁরা নিয়ম ভেঙে বছরের পর বছর থাকতে পারছেন। তবে অবৈধ বসবাসই এই হোস্টেলের একমাত্র সমস্যা নয়। নাম প্রকাশ না করার শর্তে একজন নারী বলেন, ‘আমার কক্ষসঙ্গী (রুমমেট) হোস্টেলে দীর্ঘদিন ধরে আছেন। বয়স আমার চেয়ে অনেক বেশি। সারাক্ষণই আম্মু আম্মু ভাব নিয়ে থাকেন, আর বকাঝকা করেন। হোস্টেলে টিকতে পারব কি না, তা নিয়ে চিন্তায় আছি।’নোটিশ অব্যাহত: হোস্টেলের তত্ত্বাবধায়ক উম্মে মাহমুদা খানম প্রথম আলোকে বলেন, হোস্টেলের কর্তৃত্ব মহিলা অধিদপ্তরের। তত্ত্বাবধায়ক হিসেবে তাঁর আসন বাতিল করার ক্ষমতা থাকলেও চূড়ান্ত বহিষ্কারের জন্য মহিলা অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনের প্রয়োজন হয়। তিনি বলেন, একজনের থাকার মেয়াদ চার বছর পূর্ণ হওয়ার তিন মাস আগে নোটিশ দেওয়া হয়। বাসা খুঁজে বের করার জন্য সময় দেওয়া হয়। এরপর নোটিশ দেওয়া অব্যাহত থাকে। সর্বশেষ পন্থা হিসেবে অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিট ছাড়তে বাধ্য করা হয়। জানা গেছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বিভিন্ন বৈঠকে হোস্টেলের সমস্যাটি নিয়ে আলোচনা হয়েছে। মহিলা অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, মেয়াদ শেষ হলেও বিভিন্ন অজুহাতে অনেকে সময় বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন। তবে নতুনদের জন্যই তাঁদের সিট ছেড়ে দিতে হবে।হোস্টেল পরিচালনা কমিটির সভা হয় তিন মাস পর পর। এই সভায় সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সভা আয়োজন করা ব্যয়বহুল হওয়ায় সভাটিও নিয়মিত হচ্ছে না। ছাত্রীও আছেন: হোস্টেলটি কর্মজীবী নারীদের জন্য। তবে উচ্চপর্যায়ের সুপারিশে এ নিয়মটিও মানা হয় না। অভিযোগ আছে, বেশ কিছু ছাত্রী চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে এখানে থাকছেন। নিয়ম অনুযায়ী চাকরিটি সঠিক কি না, তা যাচাই-বাছাই করার কথা। কিন্তু তাও করা হয় না। তদবিরে সিট মেলে: হোস্টেলে থাকেন এমন একাধিক নারী অভিযোগ করেছেন, তদবির ছাড়া আসন পাওয়া যায় না। আসনের জন্য সরকারের উচ্চপর্যায় থেকে তদবির করা হয়। তবে হোস্টেল কর্তৃপক্ষ বলছে, তদবির বা সুপারিশ থাকতেই পারে। কিন্তু কে আগে আবেদন করলেন, তাঁর দরকার কতটুকু, কতদিন ধরে চাকরি করছেন, এসব বিবেচনায় নিয়েই সিট দেওয়া হয়। গত সপ্তাহে হলের তত্ত্বাবধায়ক প্রথম আলোকে বলেন, ‘বছর দেড়েক ধরে আসনের চাহিদা বেড়েছে। অক্টোবর মাসে প্রায় ৫০০ নতুন আবেদন জমা পড়েছে। সব মিলিয়ে জমা আছে চার হাজারের বেশি আবেদন। ফলে কে আসন পাবে, তা নিয়ে সারা দিনই চিন্তা করতে হয়।’ মিরপুর এবং খিলগাঁও সরকারের আরও দুটি কর্মজীবী মহিলা হোস্টেল আছে। তবে নীলক্ষেতের হোস্টেলটির চাহিদা বেশি। তবে এখানে আসন বাড়ানোর সুযোগ নেই। হোস্টেল নিজের আয়ে চলে: মহিলা অধিদপ্তরের একটি প্রকল্পের মাধ্যমে এক একর জায়গায় ১৯৮০ সালে হোস্টেলের কার্যক্রম শুরু হয়। বর্তমানে হোস্টেলের ভেতরে একটি ১০ তলা ও একটি পাঁচতলা ভবন রয়েছে। আসন ভাড়া, জরিমানা, ভর্তির আবেদন ফরম বিক্রি, পরিচয়পত্র বিক্রি এবং হোস্টেলের সামনে কয়েকটি প্রেসের ভাড়া দিয়ে হোস্টেলের সার্বিক কার্যক্রমের ব্যয় বহন করা হয়। ২০০৪ সালের হোস্টেল ব্যবস্থাপনা নীতিমালায় বলা হয়, অন্য কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত হোস্টেল স্ব-অর্থায়নে পরিচালিত হবে।প্রকল্পের মেয়াদ শেষ হলেও তা বন্ধ হয়ে যায়নি। অন্যদিকে প্রকল্পটি রাজস্ব খাতে যায়নি বলে হোস্টেলের ২৪ জন কর্মচারী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ৩০ বা ২৮ বছর ধরে কাজ করা কর্মচারীদের পদোন্নতি নেই, অবসর ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নেই। কর্মচারীরা বলেছেন, বর্তমানে মাসের বেতন মাসে পাচ্ছেন না। হোস্টেলের তত্ত্বাবধায়কের পদটি শুধু রাজস্ব খাতের। বিয়ে বড় বাধা: নিয়ম আছে হোস্টেলে একজন সহকারী হোস্টেল সুপার ও দুজন মেট্রন সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন। তবে তাঁদের পরিবার নিয়ে থাকার মতো আবাসিক সুবিধা নেই। একা থাকার সুযোগ আছে। বর্তমানে যিনি সহকারী হোস্টেল সুপারের দায়িত্ব পালন করছেন, তিনি বিবাহিতা। তাঁকে হোস্টেলের বাইরে থাকতে হয় বলে তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেন না। এর আগের জন এ কারণে চাকরি ছেড়েছিলেন। মেট্রনের দুটি পদই খালি আছে ১০ মাস ধরে। এ পদেও বিবাহিত নারীরা যোগ দিলে সমস্যা হবে।হোস্টেলের তত্ত্বাবধায়ক বলেন, সহকারী হোস্টেল সুপার বা মেট্রনকে হোস্টেলের ভেতরে আবাসনের ব্যবস্থা করতে হবে। অথবা পদ তিনটি রাখতে হবে অবিবাহিতাদের জন্য। চার টাকায় ভাত: একা একটি কক্ষে থাকতে চাইলে মাসে ভাড়া দিতে হয় এক হাজার ৬০০ টাকা। দুজনের কক্ষে জনপ্রতি এক হাজার ১০০ টাকা। চারজনের কক্ষে একজনকে মাসে দিতে হয় ৭০০ টাকা। ক্যান্টিনে ভাত পাওয়া যায় চার টাকায়। সঙ্গে সবজি, মুড়িঘণ্ট বা মাছও পাওয়া যায় কম মূল্যে। তবে খাবারের মান খুবই খারাপ। ভাতে দুর্গন্ধ, সঙ্গে পাথর। খাবারের পরিমাণও কম দেওয়া হয়। ফোটানো ছাড়াই ওয়াসার পানি পান করতে দেওয়া হয়। যাঁরা বিশুদ্ধ পানি চান, তাঁদের পানি কিনতে হয়, অথবা কক্ষে নিজেকেই ফুটিয়ে নিতে হয়। অনেক কক্ষে একাধিক কেরোসিনের চুলা দেখা গেছে। হাতে গোনা কয়েকটি গ্যাসের চুলা আছে। তাতে পানি ফুটানোকে কেন্দ্র করে নারীরা প্রায়ই বিবাদে জড়িয়ে পড়েন। এসব ব্যাপারে অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন বলেন, টেন্ডারের মাধ্যমে খাবার ব্যবস্থা করলে তার মান বেশি ভালো হওয়ার সুযোগ থাকে না। তবে কর্মজীবী নারীরা নিজেরা মেসের মতো করে খাবার ব্যবস্থাপনার উদ্যোগ নিলে তিনি তাতে সহায়তা করবেন। বিনোদন নেই: হোস্টেলে অতিথিদের জন্য একটি কক্ষ আছে। সেখানে পুরোনো একটি ফ্যান ও কয়েকটি ধুলাজমা সোফা আছে। কাচের আলমারিতে কিছু বই। ধুলায় সেসব বইয়ের নাম পর্যন্ত পড়া যায় না। দুটি টেলিভিশন আছে দুটি পৃথক কক্ষে। একটি কক্ষে এক পাশে টেলিভিশন, অন্য পাশে ভাঙা চেয়ারের স্তূপ। এর বাইরে বিনোদনের কোনো ব্যবস্থা নেই। যদিও লিখিতভাবে হোস্টেলের সুযোগ-সুবিধার তালিকায় লুডু, ক্যারমসহ বিভিন্ন বিনোদনসামগ্রীর নাম আছে।