কর্মব্যস্ত দিন কাটালেন সুবাদার
গতকাল পুরো দিনটিই প্রচণ্ড ব্যস্ততায় কাটালেন জাহাঙ্গীরনগর তথা ঢাকার নবনিযুক্ত সুবাদার শেখ আলাউদ্দীন ইসলাম খান চিশতি। দিনভর ঢাকা দুর্গের বিশাল তাঁবুতে নগরের অভিজাত ও শীর্ষস্থানীয় ব্যক্তিরা জমায়েত হন সুবাদারকে খোশ-আমদেদ জানাতে। হাজিরানে মজলিশের মধ্যে ছিলেন উচ্চপর্যায়ের মনসবদার, প্রখ্যাত জমিদার, বিভিন্ন পেশার প্রধান ব্যক্তিত্ব ও নানা ধর্মীয় গোষ্ঠীর নেতা। হাজির ছিলেন ঢাকার আলেম-মাশায়েখ, মসজিদ ও দরগার মোতোয়াল্লিরা। সঙ্গে ছিলেন বিভিন্ন মহল্লার প্রধান ও স্থানীয় বহিরাগত বণিক গোষ্ঠীর নেতারা। সুবাদারকে মোবারকবাদ জানাতে উপস্থিত হয়েছেন সুবার উচ্চপদস্থ ফৌজি ও শাহি কর্মকর্তারা। তাঁদের মধ্যে ছিলেন দেওয়ান মুতাকিদ খান, বকশি খাজা তাহির মোহাম্মদ, মির-ই-বহর ইহতিমাম খান ও সুসংয়ের জমিদার রঘুনাথ। সবাই শ্রদ্ধার নিদর্শন হিসেবে বহুমূল্য নজরানা ও পেশকার দিয়েছেন সুবাদারকে।মনসবদার ও ঢাকার জমিদাররা নজরানা হিসেবে পেশ করেছেন সোনার আশরাফি, নগদ সিক্কা টাকা, হাতির দাঁত, হাতির দাঁতের তৈরি সিংহাসন, কুরসি ও হাতির দাঁতের আঁশে তৈরি শীতলপাটি। সঙ্গে কয়েকজোড়া উত্কৃষ্ট ইরাকি, শঙ্কর, টাঙ্গান ঘোড়া। দারোগা-ই-মলবুস খাসওয়া তাঁতখানার নজরানা হলো ২৫টি মূল্যবান জামদানি কাপড় ও ৫০টি উত্কৃষ্ট মসলিন খণ্ড। ক্ষত্রী ও অন্য বণিকেরা পেশ করেছেন মণিমুক্তাখচিত তরবারি ও খঞ্জরের কোমরবন্ধ। এ ছাড়া পেশ করেছেন সোনা ও বহুমূল্য পাথরে খচিত পাগড়ির শিরপ্যাঁচ, কারুকাজ করা সোনার ফরসি বা গড়গড়া, ঢাকার বিখ্যাত তারের কাজের রুপার আতরপাশ, গোলাপপাশ, শামাদান ও সুদৃশ্য পানদানি। তাঁদের নজরানার মধ্যে আরও ছিল এক মণ আতর তৈরির উত্কৃষ্ট আগর কাঠ, কয়েকটি কাচিচ ও রঙিনজাতীয় ঘোড়া এবং খাঞ্চাভরা সুগন্ধি দ্রব্য। শেখ-মাশায়েখরা দিলেন সোনার পানিতে অলংকৃত হাতে লেখা পবিত্র কোরান শরিফ এবং আকিক ও পান্নায় তৈরি তসবিহর ছড়া। বহিরাগত বণিকেরা পেশ করেছেন সোনার আশরাফি, উত্কৃষ্ট গালিচা, মূল্যবান পাথর, কাচের তৈরি সুদৃশ্য পানপাত্র ও দুরবিন। ইরাকি, রঙিন ও টাঙ্গানজাতীয় কয়েকটি ঘোড়াও ছিল এর সঙ্গে। সুবাদার এসব উপহারের কিছু কিছু রেখে বাকি অংশ ধন্যবাদের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন।অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি সুবাহর সুশাসন, নাগরিক জীবনের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যের উন্নতির প্রতিশ্রুতি দেন। নগরের নিরাপত্তার জন্য এক বিশাল মোগল সৈন্যবাহিনী ও মোগল নওয়ারা মোতায়েনের ঘোষণা দিয়ে সড়ক ও জনপথকে চোর-ডাকাতের উপদ্রব ও নৌবাণিজ্যকে জলদস্যুর হাঙ্গামা থেকে মুক্ত রাখার অঙ্গীকার করেন তিনি। বাংলার বিদ্রোহী ভূঁইয়াদের ক্রমাগত হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তাঁদের আত্মসমর্পণের জন্যও পুনরায় আহ্বান জানান। আত্মসমর্পণকারী বিদ্রোহী নেতাদের জন্য বাদশাহ সালামতের তথা শাহানশাহ্ জাহাঙ্গীরের পক্ষ থেকে উদার শর্ত ঘোষণা করে তাঁদের ক্ষমা প্রদর্শন ও মনসবদারের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ প্রসঙ্গে সমবেত জমিদার, ভূস্বামী ও ধনী বণিকদের তিনি নৌকা, হাতি, যানবাহন ও রসদ দিয়ে মোগল বাহিনীকে বিদ্রোহীদের দমনে সহায়তা করার নির্দেশ দেন। খাদ্যশস্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মজুদদারি ও মূল্যবৃদ্ধির ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। রাজস্ব সংগ্রহের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের ন্যায়ানুগভাবে কর আদায়ের ও আদায়কৃত করের যথাযথ হিসাবরক্ষণেরও নির্দেশ দেন।অপরাহ্নে তিনি ঢাকা কেল্লার বিপরীতে বুড়িগঙ্গা নদীর তীরে ওই দিন বিকেলে চাঁদনীঘাটে শাহি রণতরীর বহর পরিদর্শন করেন। পোলো খেলার মাঠে তাঁর মোগল সৈন্যের কুচ ও হস্তি বাহিনীর প্রদর্শনী দেখার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।