কর্মসংস্থান সর্বোচ্চ গুরুত্ব পাবে: স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই কর্মসংস্থানের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।ওবামা বলেন, আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের রপ্তানির পরিমাণ দ্বিগুণ করার একটি নতুন লক্ষ্য নির্ধারণ করছেন তিনি। এর ফলে যুক্তরাষ্ট্রে ২০ লাখ লোকের কর্মসংস্থান হবে।মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি স্বাস্থ্যসেবা খাতের সংস্কার করার তাঁর যে প্রচেষ্টা তা চালিয়ে যাবেন।তিনি আরও বলেন, ২০১১ সাল থেকে সরকারি ব্যয় কমিয়ে তিনি বাজেটের ঘাটতি কমানোরও চেষ্টা করবেন।বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ব্যাপারে ওবামা বলেন, ‘লোকজন কাজ হারিয়েছে। তাঁরা কষ্টে কাছে। আমাদের সাহায্য তাঁদের দরকার। আর আমি আমার ডেস্কে যত দ্রুত সম্ভব একটি কর্মসংস্থান বিল দেখতে চাই। ২০১০ সালে আমরা কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেব।’যুক্তরাষ্ট্রে প্রতি ১০ জনে একজন চাকরি খুঁজছে। অনেক ব্যবসাতেই ধস নেমেছে। ছোট শহর ও গ্রামগুলোতে দারিদ্র্য বাড়ছে। জীবন কঠিন হয়ে পড়ছে। আর এসবের বিরুদ্ধেই প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা তাঁর লড়াই চালিয়ে যেতে চান।